একটি সম্পর্ক, এক গুপ্তচর ও ৭৫০ কোটি ডলারের চিপ! Nvidia-র চিন-যোগে রহস্য - 24 Ghanta Bangla News
Home

একটি সম্পর্ক, এক গুপ্তচর ও ৭৫০ কোটি ডলারের চিপ! Nvidia-র চিন-যোগে রহস্য

Spread the love


ওয়াশিংটন: বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা Nvidia-কে ঘিরে ক্রমশ জটিল হচ্ছে বিতর্ক। সংস্থার সিইও জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের সঙ্গে চিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ AI চিপ…

ওয়াশিংটন: বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা Nvidia-কে ঘিরে ক্রমশ জটিল হচ্ছে বিতর্ক। সংস্থার সিইও জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের সঙ্গে চিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ AI চিপ পাচারের যোগসূত্রের অভিযোগ সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম The Information-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক ব্যবসায়ীর সঙ্গে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে অন্তত ৭৫০ কোটি ডলারের Nvidia চিপ চিনে পৌঁছে দেওয়া হয়েছিল। এই ঘটনায় মার্কিন গোয়েন্দা সংস্থা FBI-সহ একাধিক সংস্থার নজরদারি শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে Nvidia-র পরিচালন পর্ষদও।

কে এই অ্যালিস হুয়াং?

এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত। তিনি সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা Megaspeed-এর প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, চিনের Ministry of State Security (MSS)-এর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। যদিও প্রকাশ্যে এখনও এই গুপ্তচরবৃত্তির অভিযোগের চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি।

প্রতিবেদন অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে অ্যালিস চিন ও সিঙ্গাপুরে একাধিক সংস্থার মাধ্যমে চিপ সরবরাহের জটিল ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এই নেটওয়ার্কে ছিল Shanghai Century Litong, Megaspeed এবং মালয়েশিয়ায় তৈরি Speedmatrix।

কীভাবে চিনে পৌঁছল নিষিদ্ধ AI চিপ?

The Information-এর দাবি, ২০২৩ সালের জুনে Shanghai Century Litong প্রতিষ্ঠিত হয়। ওই বছরের অক্টোবরেই Nvidia-র পছন্দের ক্লাউড পার্টনার হিসেবে স্বীকৃতি পায় সংস্থাটি। ফলে উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহের ক্ষেত্রে বিশেষ সুবিধা পায় তারা।

অন্যদিকে, Megaspeed-এর মাধ্যমে ক্লাউড কম্পিউটিং পরিষেবা ভাড়া দেওয়ার পাশাপাশি চিপ সরবরাহের ব্যবস্থাও করা হয়েছিল বলে অভিযোগ। ২০২৪ সালে তৈরি Speedmatrix-কে মধ্যবর্তী সরবরাহকারী হিসেবে ব্যবহার করা হয়।

এই ব্যবস্থার মাধ্যমে প্রায় ২ লক্ষ ৪০ হাজার H100, H200 এবং A100 গ্রাফিক্স প্রসেসর চিনে পৌঁছয় বলে প্রতিবেদনে দাবি। চিনের Alibaba, Tencent-সহ বিভিন্ন প্রযুক্তি সংস্থা এবং AI গবেষণাগারগুলির কাছে এই চিপ পৌঁছেছিল বলে অভিযোগ।

সম্পর্কের প্রভাব ও তদন্ত

প্রতিবেদন অনুযায়ী, Nvidia-র সিইওর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতার ছবি WeChat-এ প্রকাশ করতেন অ্যালিস। সরবরাহের ক্ষেত্রে কোনও প্রশাসনিক বা বাণিজ্যিক বাধা তৈরি হলে তিনি ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করতেন বলেও অভিযোগ।

এদিকে, ৮ নভেম্বর Nvidia-র কর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চান জেনসেন হুয়াং। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে তিনি নিজের ভুলের দায় নেন। তবে ওই বার্তায় সংশ্লিষ্ট মহিলার নাম উল্লেখ করেননি।

Nvidia-র পরিচালন পর্ষদ ইতিমধ্যেই স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক আইন সংস্থা Wachtell, Lipton, Rosen & Katz-কে। পাশাপাশি FBI-ও বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে, বেজিং এই গুপ্তচরবৃত্তির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। Nvidia-র পর্ষদ জানিয়েছে, এখনও পর্যন্ত সংস্থার গোপন তথ্য বা মার্কিন জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও কারণ তাদের সামনে আসেনি।

ভারতের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র! রুখে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে চিঠি ৫০ প্রবাসী সংগঠনের

গোয়েন্দা যোগের অভিযোগে তদন্ত, শেয়ারে ধস! বিপুল সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *