‘মমতা অন্ধ ধৃতরাষ্ট্র’, নিজের জেলযাত্রা থেকে তৃণমূলের পতন, নেত্রীকেই দুষলেন অনুব্রত!

কলকাতা: একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের রাজনীতিতে তাঁর প্রভাব নিয়েও কম আলোচনা হয়নি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক সমীকরণ।…
কলকাতা: একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের রাজনীতিতে তাঁর প্রভাব নিয়েও কম আলোচনা হয়নি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক সমীকরণ। এবার একদা নিজের নেত্রীর বিরুদ্ধেই নজিরবিহীন আক্রমণ শানালেন কেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ করার পাশাপাশি নিজের জেলবন্দি হওয়ার জন্যও সরাসরি তাঁকেই দায়ী করলেন তিনি। তৃণমূলের রাজনৈতিক বিপর্যয়ের পিছনেও মমতার ভূমিকা রয়েছে বলে দাবি অনুব্রতর।
মঙ্গলবার ‘এই সময়’ সংবাদপত্রকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনুব্রত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্র। দল ডুবল শুধুমাত্র ওঁর জন্য। আমি জেলে গেলাম ওঁর জন্যই।” তাঁর অভিযোগ, দলের অন্দরে অন্য এক নেতার কথাতেই চলতেন মমতা। সেই সময় সবকিছু দেখেও নীরব ছিলেন তৃণমূল নেত্রী। অনুব্রতর কথায়, “অন্য কাউকে দোষ দিয়ে লাভ আছে? অন্যকে সব দায়দায়িত্ব দিয়ে মজা দেখলে দলের পরিণতি এমনই হয়।”
কাকে নিশানা করে এই মন্তব্য, তা স্পষ্ট করেননি অনুব্রত। তবে তাঁর ঘনিষ্ঠদের একাংশের দাবি, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করেছেন তিনি। একসময় বীরভূমের সংগঠনে অনুব্রতর একচ্ছত্র প্রভাব ছিল। জেলার রাজনীতিতে অভিষেকের প্রভাব কতটা থাকবে, তা নিয়েও অতীতে চর্চা হয়েছে। মমতার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে দলের মধ্যে বিশেষ গুরুত্ব পেতেন কেষ্ট। কিন্তু গ্রেফতারির পর পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ তাঁর।
নিজের জেলযাত্রা নিয়ে প্রশ্ন উঠতেই আরও সরব হন অনুব্রত। তাঁর দাবি, বীরভূমের জেলা সভাপতি থাকাকালীন পাথর ও বালির ব্যবসা থেকে প্রাপ্য রয়্যালটি সরকারের কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। কিন্তু এতে দলের এক প্রভাবশালী নেতার স্বার্থে আঘাত লাগে। অনুব্রতর অভিযোগ, “একটা তোলাবাজ ছেলে দল চালাচ্ছিল। আমি যত দিন জেলার সভাপতি ছিলাম, জেলার পাথর-বালি থেকে রয়্যালটি সরকারের ঘরে পাঠাতাম। তোলাবাজের তাতেই রাগ, সে কোনও কিছু পাচ্ছিল না। তাই আমাকে জেলে পাঠিয়েছে।”
এই প্রসঙ্গে টুলু মণ্ডলের নামও তোলেন অনুব্রত। তাঁর দাবি, টুলু মণ্ডল কাকে ৪৫ কোটি টাকা দিতেন, তা খোঁজ নিলেই জানা যাবে। অনুব্রতর আরও অভিযোগ, তিনি জেলে থাকার সময় পাথর ও বালির ব্যবসা থেকে আদায় করা টাকা অন্য কারও কাছে পৌঁছত। তাঁর দাবি, এই সমস্ত বিষয় জানা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনও পদক্ষেপ করেননি। যদিও অনুব্রতর তোলা অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট হতাশা প্রকাশ করেছেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি। তাঁর দাবি, দল ক্ষমতায় আসার আগে যাঁরা তৃণমূল করতেন, দলের বর্তমান দুর্দিনেও তাঁরা তাঁর পাশেই রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। অনুব্রতর কথায়, “ঘরের লোকে দল চালাবে আর বাইরের লোক ললিপপ চুষবে, এ ভাবে দল চলতে পারে না।”
কেষ্টর এই আক্রমণের জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, অনুব্রত কী বলছেন, তার চেয়ে কেন বলছেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কুণালের অভিযোগ, অনুব্রত এবং তাঁর মেয়ে গ্রেফতার হওয়ার পর বিজেপির সঙ্গে সমঝোতা করেই চলতে হচ্ছে তাঁকে। বিজেপির মন জোগাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে এমন মন্তব্য করছেন বলে পাল্টা দাবি কুণালের। তাঁর ইঙ্গিত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ কমাতেই এই রাজনৈতিক অবস্থান নিয়েছেন অনুব্রত।
একসময় যাঁকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহপূর্ণ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা হয়েছিল, আজ সেই অনুব্রতর মুখেই নেত্রীকে নিয়ে এমন কড়া আক্রমণ। ফলে তৃণমূলের অন্দরের রাজনৈতিক সংঘাত যে নতুন মাত্রা পেল, তা বলাই যায়।
‘তথ্য গোপন করেছেন মমতা, নিয়ম ভাঙলে শাস্তি পেতেই হবে,’ নন্দীগ্রাম থেকে তোপ শুভেন্দুর