দাদা কথা রেখেছেন, বোনের আবদারে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি, ভাইফোঁটায় স্মৃতিচারণ সেই ঘটনার
ব্যস! ‘অবাক জলপান’–এ চাঁদিফাটা রোদ্দুরে সেই পথিক জানতে চেয়েছিলেন, ‘মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন?’ তারপরে জল গড়িয়েছিল বহু দূর। কিন্তু, বছর পঁচাত্তরের জয়দেব বিশ্বাস গত ৩০ বছর ধরে সেই জলপাইয়ের আঁটি মুখে নিয়ে ঘুরছেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন, তিন দশক! রণে–বনে–শয়নে–স্বপনে সেই আঁটি তাঁর সর্বক্ষণের সঙ্গী। সেই কারণে কথা বলতে গেলে কিঞ্চিৎ জড়িয়ে যায়। ভুল করে অনেকে তাঁকে তোতলাও ভাবেন। কিন্তু, সে সব ভাবতে জয়দেবের বয়েই গিয়েছে। বোনকে দেওয়া কথার খেলাপ করতে পারবেন না তিনি।