চিকিৎসকের বিরুদ্ধে বিস্ফোরক শারদ্বত মুখোপাধ্যায়
সেই ভিডিয়ো মঙ্গলবার ভাইরাল হয়। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই মেডিক্যাল কলেজ ওই চিকিৎসকের ছুটি কী ভাবে মঞ্জুর করে এবং ভোটের পরে ফের কাজে যোগ দিতে দেয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল সূ্ত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সৌগত বর্মন মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ৪৮ দিনের ‘আর্নড লিভ’–এর দরখাস্ত করেন। সবেতন সেই ছুটি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ অনুমোদন করে দেয় বলে অভিযোগ। ফল প্রকাশের পরে চলতি বছরের ৫ মে তিনি তাঁর কর্মক্ষেত্রে যোগ দেন। তাঁর এই কাজে যোগদানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কল্যাণী মেডিক্যাল কলেজের ৯ জন চিকিৎসক স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেন। সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় চিঠিতে। অভিযোগপত্রে বলা হয়, চলতি বছরের মার্চ মাসে রাজ্যের মুখ্যসচিবের স্বাক্ষরিত একটি নির্দেশিকায় বলা হয়েছিল, রাজ্য সরকারের কর্মী, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্বশাসিত সংস্থা, লোকাল বডিজ়-এর কোনও কর্মী রাজনৈতিক কোনও কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না। সেখানে সৌগত বর্মন কী ভাবে সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসক পদে থেকেও রাজনৈতিক দলের হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন?