‘চাচা মারা গিয়েছেন’, ১০ বছরের রাহুলের কান্না থামছিল না! সঞ্জয়ের মৃত্যু নিয়ে কী লিখলেন সোনিয়া?

নয়াদিল্লি: মাত্র ১০ বছর বয়সে কাকার মৃত্যুসংবাদ পেয়েছিলেন রাহুল গান্ধী। ইতালিতে ছুটি কাটানোর সময় ফোনে এসেছিল সেই দুঃসংবাদ। খবরটি শোনার পর মাতামহীকে জানাতে গিয়ে কান্নায়…
নয়াদিল্লি: মাত্র ১০ বছর বয়সে কাকার মৃত্যুসংবাদ পেয়েছিলেন রাহুল গান্ধী। ইতালিতে ছুটি কাটানোর সময় ফোনে এসেছিল সেই দুঃসংবাদ। খবরটি শোনার পর মাতামহীকে জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ছোট্ট রাহুল। বারবার শুধু বলছিলেন, ‘চাচা এ মোর্তো’। ইতালীয় ভাষায় যার অর্থ, ‘চাচা মারা গিয়েছেন’। এত বছর পর গান্ধী পরিবারের সেই মর্মান্তিক স্মৃতির কথা প্রকাশ্যে আনলেন সোনিয়া গান্ধী। তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-তে উঠে এসেছে এই ঘটনা।
১৯৮০ সালের ২৩ জুন দিল্লিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর। নিজের চালানো পিটস অ্যারোবেটিক বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মৃত্যু হয় তাঁর সহকারী পাইলট ক্যাপ্টেন সুভাষ সাক্সেনারও।
সোনিয়ার লেখা অনুযায়ী, সেই সময় রাজীব ও সোনিয়া দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে ইতালিতে ছুটি কাটাচ্ছিলেন। অরবাসানোতে সোনিয়ার বাবা-মায়ের কাছে সন্তানদের রেখে তাঁরা ফ্লোরেন্সে গিয়েছিলেন। ২৩ জুন সকালে হোটেলে ফেরার পর এক কর্মী তাঁদের জরুরি ভিত্তিতে সোনিয়ার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে বলেন। প্রথমে সন্তানদের নিয়ে কোনও বিপদের আশঙ্কা করেছিলেন তাঁরা। কিন্তু ফোনে অপেক্ষা করছিল আরও ভয়াবহ খবর।
দিল্লি থেকে ফোন করেছিলেন ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সচিব আর কে ধাওয়ান। সোনিয়ার মা ফোনে কথা বুঝতে না পেরে সেটি তুলে দেন রাহুলের হাতে। ধাওয়ান তাঁকে জানান, দুর্ঘটনায় তাঁর কাকা সঞ্জয়ের মৃত্যু হয়েছে। মাতামহীকে খবরটি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে রাহুল। সোনিয়া লিখেছেন, রাজীব ও তিনি ফিরে আসার পরেও ছেলেকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। প্রিয়াঙ্কাও তখন হতবাক।
আত্মজীবনীতে সঞ্জয়ের মৃত্যুর পর ইন্দিরা গান্ধীর শোকের কথাও তুলে ধরেছেন সোনিয়া। তাঁর বর্ণনা অনুযায়ী, রাজীব ও সোনিয়া দিল্লিতে ফিরলে ইন্দিরা তাঁদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। রাজীবকে আঁকড়ে ধরে তাঁর প্রশ্ন ছিল, “কেন সঞ্জয়? কেন ও, আমি কেন নই?”
সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই রাজীবের রাজনীতিতে যোগ দেওয়ার জন্য চাপ তৈরি হতে শুরু করে বলে জানিয়েছেন সোনিয়া। কংগ্রেস কর্মী ও সমর্থকদের একাংশ তাঁকে রাজনীতিতে আসার অনুরোধ জানান। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তই রাজীব গান্ধীর জীবন এবং দেশের রাজনীতির গতিপথ বদলে দেয়।
আত্মজীবনীতে এই ঘটনাগুলির পাশাপাশি গান্ধী পরিবারের ব্যক্তিগত কথোপকথনে ইতালীয় ভাষার ব্যবহার এবং সোনিয়ার মাতৃভাষার সঙ্গে পরিবারের সম্পর্কের কথাও উঠে এসেছে।
অসমে বড় রেল দুর্ঘটনা, ইঞ্জিন-সহ লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস