অভিজিতের অস্বাভাবিক মৃত্যু: রহস্যভেদে ফরেন্সিক ও সাইবার তদন্ত - 24 Ghanta Bangla News
Home

অভিজিতের অস্বাভাবিক মৃত্যু: রহস্যভেদে ফরেন্সিক ও সাইবার তদন্ত

Spread the love

এই সময়: আত্মহত্যা, নাকি পরিকল্পিত খুন? এনআরএসের প্রাক্তন হাউসস্টাফ অভিজিৎ সরকারের (৩০) রহস্যমৃত্যুর তদন্তে কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। নাগেরবাজারের যে বেসরকারি হস্টেল থেকে রবিবার, কালীপুজোর বিকেলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, মঙ্গলবার সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পাশাপাশি, অভিজিতের মোবাইল ফোনের তথ্য উদ্ধারে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা। মৃতের মোবাইল ফোনেরও ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে।

তিনি কতটা ভয় ও উদ্বেগে সন্ত্রস্ত হয়ে ছিলেন মৃত্যুর আগে, তার অনেকটাই ইঙ্গিত মিলেছে অভিজিতের সোশ্যাল মিডিয়া পোস্টে। তাঁর গতিবিধি, কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, কোনও হুমকি বা অস্বাভাবিক কথোপকথন হয়েছিল কি না, তা জানার চেষ্টা চলছে।

ফোনের কল রেকর্ড, মেসেজ এবং অন্যান্য ডিজিটাল তথ্যের সূত্র ধরে মৃত্যুর আগের পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। অন্য দিকে, ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা বোঝার চেষ্টা করছেন ফরেন্সিক সায়েন্সেস বিশেষজ্ঞরা।

এ দিকে, অভিজিতের পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে আগেই। তাঁদের সন্দেহ, হস্টেলে র‍্যাগিংয়ের শিকার হয়ে থাকতে পারেন তিনি। পরিবারের দাবি, প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত তাঁদের কাছে চাইতেন অভিজিৎ। কেন তাঁর এত টাকার প্রয়োজন হচ্ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ঘটনার দিন তাঁর ফেসবুক পোস্ট ঘিরেও তৈরি হয়েছে জল্পনা।

পরিচিতদের একাংশের বক্তব্য, পোস্টগুলি দেখে প্রাক্তন হাউসস্টাফের মানসিক অবসাদের ইঙ্গিত মিলেছিল। তবে সেই সূত্র ধরে কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ পুলিশ। তাই নাগেরবাজারের বেসরকারি হস্টেল থেকে অভিজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হলেও, তাঁর বাবা জ্ঞানেন্দ্র সরকারের তোলা র‍্যাগিং ও খুনের অভিযোগকেও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *