Mumbai Police Advisory: বিষ্ণোইয়ের হুমকির মুখে বলিউড একাধিক তারকা, এবার নায়ক-নায়িকাদের কড়া বার্তা দিল মুম্বই পুলিশ | mumbai police advisory bollywood actors safety tiger shroff firing rudranil ghosh - 24 Ghanta Bangla News
Home

Mumbai Police Advisory: বিষ্ণোইয়ের হুমকির মুখে বলিউড একাধিক তারকা, এবার নায়ক-নায়িকাদের কড়া বার্তা দিল মুম্বই পুলিশ | mumbai police advisory bollywood actors safety tiger shroff firing rudranil ghosh

Spread the love

জুহুর রাস্তায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুকবাজদের হামলার পর এবার তারকাদের নিরাপত্তা নিয়ে চরম চিন্তিত মুম্বই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একের পর এক হুমকিতে রীতিমতো থমথমে বলিপাড়া। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মুম্বই পুলিশের তরফে সব বলি তারকাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোনও ভিড় বা জনসমক্ষে না যাওয়া এবং অনুরাগীদের সঙ্গে খোলামেলা মেলামেশা থেকে বিরত থাকার কড়া পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি অভিনেতাদের বাড়ির বাইরে নজরদারির খবর সামনে আসার পরই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ।

কেন এই বিশেষ পরামর্শ?

টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার পর তুষার কাপুর, আয়ুষ্মান খুরানা এবং অমিতাভ বচ্চনের মতো একের পর এক হেভিওয়েট তারকাদের কাছেও আসতে শুরু করে হুমকি বার্তা। আয়ুষ্মান খুরানার ঘটনায় তোড়জোড় শুরু করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সী বৈভব মিশ্র নামে এক আইটি ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ভাঙিয়ে ওই যুবক তারকাদের কাছে তোলা চেয়ে হুমকি অডিও মেসেজ পাঠাত।

ঠিক কী ঘটেছিল জুহুতে?

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় বাইকে আসা তিন দুষ্কৃতী। টাইগার শ্রফ অল্পের জন্য বেঁচে গেলেও গুলিতে গুরুতর আহত হন তাঁর গাড়িচালক এবং পথচলতি এক ব্যক্তি। পরবর্তীতে লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

মুম্বই পুলিশের এই কড়া নির্দেশিকা ও নিরাপত্তা সংকট নিয়ে ‘টিভি নাইন বাংলা’-কে অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “মুম্বই যবে থেকে দেশের বাণিজ্য নগরী হয়ে উঠেছে, তখন থেকেই এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে আসছে। প্রশাসন কঠোর হওয়া সত্ত্বেও মাঝে মাঝে কিছু অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে। টাইগার শ্রফের ওপর হামলার পর প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে এবং সেই কারণেই তারকাদের সতর্ক হতে বলেছে।”

তবে বাস্তব পরিস্থিতির জটিলতা তুলে ধরে রুদ্রনীল আরও যোগ করেন, “যাঁদের পেশার প্রয়োজনে সাধারণ মানুষের সামনে আসতেই হয়, কিংবা শুটিংয়ের বাইরেও নানা সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে হয়, তাঁদের কত জায়গায় এবং কতজনকে নজরে রাখা সম্ভব? তারকাদের নিজস্ব নিরাপত্তারক্ষী থাকে, আবার পুলিশের বড় টিমও মোতায়েন থাকে। কিন্তু তবুও পরিস্থিতি ভীষণ কঠিন। সতর্ক থাকা অবশ্যই উচিত, তবে এই বিধিনিষেধ মানা তারকাদের জন্য বেশ কঠিন কাজ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *