‘নেতা গোছের যাঁরা, তাঁদের বিরুদ্ধেও তদন্ত’,শুভেন্দুর
শুভেন্দুর সংযোজন, ‘পুলিশকে কড়া নির্দেশ দেওয়া আছে, ভিডিয়োতে যাদের দেখা গিয়েছে, তাদের ধরবেন এবং যে রাজনৈতিক লোকদের দেখা গিয়েছে… যাঁরা আপনাদের ভাষায় নেতা গোছের, তাঁদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা হবে।’ মুখ্যমন্ত্রীর এই জোড়া মন্তব্যে অভিষেককে ইঙ্গিত করা হয়েছে বলেই ‘মমতা–তৃণমূল’ নেতৃত্বের পর্যবেক্ষণ। কারণ, সে রাতে অভিষেক কালীঘাট থানার পুলিশ অফিসারদের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েছিলেন। দু’পক্ষ একে অন্যের দিকে আঙুল তুলে কথা বলছে— সেই ছবিও দেখা গিয়েছে। এমনও অভিযোগ উঠেছে যে, ‘পুলিশকে চড় মারা উচিত’ বলে মন্তব্য করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের বাসভবনের সামনে অশান্তির ঘটনায় চারটি মামলা রুজু হয়েছে। একটি মামলায় যেমন অভিষেকের নাম রয়েছে, তেমনই অভিষেক নিজেও একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ‘মমতা–তৃণমূলে’র অভিযোগ, ভিডিয়োতে লাঠি হাতে যাদের দেখা গিয়েছে, ইট–পাথর ছুড়তে যাদের দেখা গিয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়নি। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষাপটে অভিষেক পাল্টা সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘পুলিশ–প্রশাসন শুধু তৃণমূল কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাতে ব্যস্ত। বিজেপি কর্মীদের হাতেই পুলিশ আক্রান্ত হয়েছে। জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা হচ্ছে!’