ঊষার বদলে আইওএ–র নেত্রী সাইনা?
ঊষা চেয়েছিলেন, চলতি বছরে তাঁর চার বছরের মেয়াদ শেষ করে আরও একটা টার্ম প্রেসিডেন্ট পদে থাকার। কিন্তু দেশের ক্রীড়াবিদ মহলই তাঁকে আর এই পদে রাখছে না। ৫ ডিসেম্বর আইওএ–র নির্বাচনে লড়ারই যোগ্যতা হারালেন ‘পায়োলি এক্সপ্রেস।’ ভারতের নতুন ক্রীড়ানীতি অনুযায়ী, আইওএ–র নতুন কমিটিতে রাখা হবে ৮ জন দেশের সেরা প্রাক্তন খেলোয়াড়কে। এই কোটার নাম এসওএম অর্থাৎ স্পোর্টসপার্সনস অফ মেরিট। সোমবার অনলাইন ভোটে দেশের ৮০ জন প্রাক্তন খেলোয়াড় বেছে নেন ৮ জনকে। ছেলেদের বিভাগের নির্বাচিত চার জন হলেন—শুটার গগন নারাং, টেবল টেনিসের কমলেশ মেহতা, বক্সার বিজেন্দর সিং ও কুস্তিগির যোগেশ্বর দত্ত। ছেলেদের নির্বাচনে চমক না থাকলেও মেয়েদের নির্বাচনে ছিল চমক। ৪ পদের দাবিদার ছিলেন ৬ জন। সেখানে সর্বোচ্চ ৫৩ ভোট পান প্রাক্তন কিংবদন্তি লংজাম্পার অঞ্জু ববি জর্জ। হকির রানি রামপাল পেয়েছেন ৫০। তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় পান ৪৫, ব্যাডমিন্টন তারকা সাইনার ভোট সংখ্যা ৪৩। ঊষা সেখানে পান ৪০ ভোট। আর এক প্রাক্তন অ্যাথলিট অনিতা পাল দুরাই পেয়েছেন মাত্র ৬ ভোট।