চতুর্থ বার বাঁকুড়া সফরে শুভেন্দু অধিকারী, জঙ্গলমহলের বাঁদনা পরবে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

চতুর্থ বার বাঁকুড়া সফরে শুভেন্দু অধিকারী, জঙ্গলমহলের বাঁদনা পরবে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী

Spread the love

কালীপুজো মিটতেই জঙ্গলমহলের গ্রামবাসীরা মেতে উঠেছে বাঁদনা পরবের অনুষ্ঠানে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গিয়েছে এই পরব। আবার কোথাও পরবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ বার এই অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১২ নভেম্বর বাঁকুড়া সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন বাঁকুড়ার রাইপুরের বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠের বাঁদনা পরবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

মুখ্যমন্ত্রী হওয়ার পর গত ছয় মাসে ৩ বার বাঁকুড়া শহরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার চতুর্থ বার তিনি বাঁদনা পরবে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই পরব ঘিরে গ্রামবাসীদের মধ্যে রয়েছে উন্মাদনা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আসার খবর যেন সেই আনন্দ দ্বিগুণ করে তুলেছে। বাঁকুড়ার বাঁদনা পরব অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন মুখ্যমন্ত্রীর সামনে জঙ্গলমহলের কুড়মি, সাঁওতাল, মুণ্ডারি- সহ বিভিন্ন জনজাতির সংস্কৃতিকে তুলে ধরা হবে। জঙ্গলমহলের এই সংস্কৃতিকে সরকারি অনুমোদন দিতেই মুখ্যমন্ত্রীর সামনে এই অনুষ্ঠান প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।

রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের বাসিন্দাদের আত্মীয়। তাই এই সফরকে ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। একইসঙ্গে তাঁর নিরাপত্তার দিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাঁদনা পরব মূলত গবাদি পশু বন্দনার উৎসব। কৃষি কাজে ও দৈনন্দিন প্রয়োজনে গবাদিপশুর গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করা হয়। পরবের আগে সারা বাড়ি পরিষ্কার করেন বাড়ির মহিলারা। রং দিয়ে কেউ আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলেন বাড়ির দেওয়াল। বাড়িতে থাকা গোরু, মোষ ও অন্যান্য গবাদি পশুদের পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়। এ ছাড়াও, কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন লাঙ্গল এর ফলা, মই, কোদাল ইত্যাদি পরিষ্কার করে এক জায়গায় রেখে পুজো করার রীতি রয়েছে এই পরবে। বাঁদনা পরব উপলক্ষে বিভিন্ন জায়গায় গান গাওয়ার রীতিও থাকে। আর এই উৎসবের শেষে হয় গরু খুটান। উৎসব উপলক্ষ্যে বাড়ি বাড়ি পিঠে-পুলির আয়োজনও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *