‘অপারেশন ব্লু স্টারের ধ্বংস দেখে কেঁদেছিলেন ইন্দিরা’, সনিয়ার স্মৃতিকথায় নতুন বিতর্ক

নয়াদিল্লি: অপারেশন ব্লু স্টারের ধ্বংসস্তূপ দেখে চোখের জল ধরে রাখতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এমনই দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। সদ্য প্রকাশিত…
নয়াদিল্লি: অপারেশন ব্লু স্টারের ধ্বংসস্তূপ দেখে চোখের জল ধরে রাখতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এমনই দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। সদ্য প্রকাশিত তাঁর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ এবং সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে শাশুড়ি ইন্দিরার জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে ইন্দিরার মৃত্যুর আশঙ্কা, পরিবারের সদস্যদের মানসিকভাবে প্রস্তুত করা এবং ১৯৮৪ সালের ৩১ অক্টোবরের ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছেন সনিয়া। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
সনিয়ার কথায়, ১৯৮৪ সালের জুন মাসে অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে সেনা অভিযানের পর সেখানকার ধ্বংসের ছবি দেখে ভেঙে পড়েছিলেন ইন্দিরা। সেই ছবিগুলি দেখার সময় তাঁর চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছিল। সনিয়া জানিয়েছেন, অপারেশন ব্লু স্টারের পর ইন্দিরার উপর নিরাপত্তার ঝুঁকি ক্রমশ বাড়ছিল। সম্ভাব্য মৃত্যুর আশঙ্কার কথাও তিনি পরিবারকে জানাতেন। এমনকী ছোট্ট রাহুল গান্ধীকেও কী করতে হবে এবং কীভাবে সাহস রাখতে হবে, তা বুঝিয়ে দিয়েছিলেন।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীকে তাঁরই দুই নিরাপত্তারক্ষী গুলি করে হত্যা করেন। সনিয়া জানিয়েছেন, প্রথমে গুলির শব্দকে দীপাবলির বাকি থাকা বাজির আওয়াজ বলে ভেবেছিলেন তিনি। পরে বাইরে বেরিয়ে রক্তাক্ত অবস্থায় শাশুড়িকে পড়ে থাকতে দেখে ছুটে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইন্দিরার দেহ আনতে পরিবারের সদস্যদের ফের বাড়িতে যেতে হয়েছিল। সেই সময় গাড়ি ঘিরে একদল লোকের উত্তেজিত আচরণের কথাও স্মৃতিচারণে উল্লেখ করেছেন সনিয়া। তাঁর দাবি, কয়েকজন গাড়ির জানলায় আঘাত করে তাঁদের পথ আটকানোর চেষ্টা করেছিল।
১৯৮৪-র দাঙ্গা নিয়ে সনিয়াকে নিশানা বিজেপির
সনিয়ার এই স্মৃতিচারণ ঘিরে রাজনৈতিক বিতর্কের মূল কারণ অবশ্য অন্য জায়গায়। ইন্দিরার ব্যক্তিগত যন্ত্রণা ও পরিবারের অভিজ্ঞতার কথা তুলে ধরলেও, তাঁর হত্যার পর দেশজুড়ে শিখদের উপর যে ভয়াবহ হামলা হয়েছিল, সেই প্রসঙ্গে স্মৃতিকথায় যথেষ্ট আলোচনা নেই বলে অভিযোগ বিরোধীদের।
বিজেপি নেতা তরুণ চুঘ এবং শেহজাদ পুনাওয়ালা সনিয়ার বক্তব্যের সমালোচনা করেছেন। তাঁদের কটাক্ষ, বইটির নাম ‘বিলংগিং’-এর বদলে ‘হোয়াইটওয়াশিং’ হওয়া উচিত ছিল। তাঁদের প্রশ্ন, ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার জন্য কংগ্রেসের দায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ কেন স্পষ্টভাবে তুলে ধরা হয়নি? রাজীব গান্ধী সেই সময় বলেছিলেন, ‘বড় গাছ পড়লে মাটি কাঁপে।’ বিরোধীদের অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে হিংসাকে কার্যত আড়াল করার চেষ্টা হয়েছিল।
অকালি দলও সনিয়ার বক্তব্যের সমালোচনা করেছে। দলের মুখপাত্র অর্শদীপ সিং ক্লেরের বক্তব্য, অপারেশন ব্লু স্টার এবং তার পরবর্তী শিখবিরোধী হিংসার ক্ষত শুধু ব্যক্তিগত আবেগের কথা বলে মুছে ফেলা যায় না। এই ঘটনার ফলে শিখ সম্প্রদায়ের একাধিক প্রজন্ম যে গভীর আঘাত পেয়েছে, তা কংগ্রেস নেতৃত্বকে স্বীকার করতে হবে বলেও দাবি করেছেন তিনি।
কী বলছে কংগ্রেস?
অন্যদিকে, কংগ্রেসের বক্তব্য, ১৯৮৪ সালের ভয়াবহ ঘটনাকে দল কখনও সমর্থন করেনি। দলের প্রতিনিধিরা মনে করিয়ে দিয়েছেন, সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধী অতীতে একাধিকবার স্বর্ণমন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন। তাঁদের মতে, স্মৃতিকথায় পরিবারের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরাকে রাজনৈতিক অবস্থানের সঙ্গে এক করে দেখা ঠিক নয়।
উল্লেখ্য, ১৯৮৪ সালের জুনে ইন্দিরা গান্ধীর নির্দেশে স্বর্ণমন্দির চত্বরে অপারেশন ব্লু স্টার চালায় ভারতীয় সেনা। লক্ষ্য ছিল সশস্ত্র শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা জর্নেল সিং ভিন্দ্রানওয়ালে এবং তাঁর অনুগামীদের সরিয়ে দেওয়া। অভিযানে ব্যাপক প্রাণহানি ঘটে এবং অকাল তখতেরও গুরুতর ক্ষতি হয়। এর পাঁচ মাস পর ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লি-সহ দেশের বিভিন্ন এলাকায় শিখদের উপর ভয়াবহ হামলা চালানো হয়। বহু মানুষের মৃত্যু হয়, আক্রান্ত হয় বাড়িঘর ও গুরুদ্বার।
সনিয়ার স্মৃতিকথায় মূলত পারিবারিক স্মৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতাই প্রাধান্য পেয়েছে। তবে ১৯৮৪ সালের ঘটনাবলির রাজনৈতিক দায় এবং শিখবিরোধী হিংসার প্রসঙ্গ যথেষ্ট গুরুত্ব না পাওয়ার অভিযোগে নতুন করে ইতিহাসের সেই বিতর্ক সামনে এসেছে।
ভোটের ফলেই ধর্মান্তর বিতর্ক! অন্ধ্রের আদিবাসী অঞ্চল নিয়ে উদ্বেগ নাইডুর
পাকিস্তান-বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘুদের অভিবাসন নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের