সাইবার প্রতারণা রুখতে লালগড় থানার 'অদৃশ্য ফাঁদ'
বুদ্ধদেব বেরা, লালগড়
দৃশ্য ১: টুং করে মোবাইলে ঢুকল একটি এসএমএস। লেখা রয়েছে-‘অভিনন্দন। আপনি এক লক্ষ টাকার লাকি-ড্র জিতেছেন।’ তা পড়ে উচ্ছ্বসিত কলেজ পড়ুয়া প্রিয়া ভাবেন, অবশেষে ঈশ্বর বুঝি মুখ তুলে চেয়েছেন। কিছুটা হলেও সংসারের অভাব দূর হবে। দিনমজুর বাবাকে নিয়ে প্রিয়াদের ছোট্ট সংসার। তারপরেই আসে ফোন, সেই এক লক্ষ টাকা সটান অ্যাকাউন্টে ঢুকবে। তবে শর্ত একটাই- দিতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ও মোবাইলে পাঠানো ওটিপি। প্রিয়ার বাবা বিষয়টি মানতে চান না। তাঁর দাবি, এ সব ভুয়ো। কারণ, তিনি কখনও এমন কিছু করেননি। জেদ ধরে বসেন প্রিয়াও।
শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ওটিপি দিতেই সর্বনাশ হয়ে যায়। হাড়ভাঙা পরিশ্রম করে দিনমজুর বাবা ব্যাঙ্কে সামান্য কিছু টাকা সঞ্চয় করেছিলেন। মুহূর্তে সেই টাকা উধাও হয়ে যায়।
দৃশ্য ২: কলেজ পড়ুয়া উমার হোয়াটসঅ্যাপে অজ্ঞাত ফোন নম্বার থেকে একটি এপিকে ফাইল আসে। পিএম কিষান যোজনার তালিকায় তাঁদের নাম উঠেছে। তা দেখতে হলে ওই ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে গিয়েই একটি ইনস্টলের অপশন আসে। সেখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই হ্যাং করে যায় ফোন। তারপরে মোবাইলে থাকা কিছু ব্যক্তিগত ছবি অজ্ঞাত নম্বর থেকে পাঠিয়ে উমাকে ব্ল্যাকমেল করে টাকা চাওয়া শুরু হয়। আবার কলেজ পড়ুয়া সৈকতও সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন। ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে তাঁর থেকেও দফায় দফায় টাকা চাওয়া হয়।
কী, ঘটনাগুলো খুব চেনা চেনা ঠেকছে, তাই তো? আর ঠিক সেই কারণেই এই দৃশ্যগুলো বুনেই ‘অদৃশ্য ফাঁদ’ নামে তিরিশ মিনিটের একটি নাটক লিখেছেন লালগড় থানার সাইবার সহায়তার নোডাল অফিসার পুলকেশ ভক্তা ও সাইবার সহায়তা কর্মী বিশ্বজিৎ পাণ্ডে। নির্দেশনায় খোদ থানার আইসি সঞ্জীব ঘোষ। থানার এএসআই রতন বিশ্বাস ‘পুলিশ’, কনস্টেবল মণিমালা সিনহা ‘প্রিয়া’, স্পেশাল হোমগার্ড শিবশঙ্কর নন্দী ‘প্রিয়ার বাবা’, সিভিক ভলান্টিয়ার মৌসুমী গোস্বামী ‘উমা’, স্পেশাল হোমগার্ড বিশ্বজিৎ মাহাতো ‘সৈকত’ এবং স্পেশাল হোমগার্ড শান্তনু মণ্ডল ‘প্রতারকের চরিত্রে অভিনয় করছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে রয়েছেন থানার দুই স্পেশাল হোমগার্ড প্রণব পাত্র ও রাজেশ চালক।
রামকৃষ্ণদেব বলতেন, ‘থিয়েটারে লোকশিক্ষে হয়।’ এ বার কি সেই লোকশিক্ষা দিতেই এই নাটকের আয়োজন? পুলিশের তরফে জানানো হয়েছে, সাইবার প্রতারণা এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে গত ৭ নভেম্বর পর্যন্ত ২৮টি মামলা দায়ের হয়েছে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায়। সেই ক্রাইম রুখতে লোকজনকে নানা ভাবে সচেতনও করা হয়। প্রতি বারের মতো এ বারও থানা প্রাঙ্গণে কালীপুজোর আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষেই আগামী ১০ নভেম্বর, মঙ্গলবার সন্ধে ছ’টায় মঞ্চস্ত হচ্ছে নাটক ‘অদৃশ্য ফাঁদ’। থানার এক আধিকারিকের কথায়, ‘রামকৃষ্ণদেব কিন্তু খাঁটি কথাই বলেছিলেন। সত্যি কথা বলতে সিনেমা, নাটক, যাত্রার মাধ্যমে বহু কঠিন বিষয়ও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। সেই ভাবনা থেকেই এই নাটকের আয়োজন।
পুজো উপলক্ষে প্রচুর মানুষ ভিড় করেন। তাঁরা এই নাটকটি দেখলে বিষয়টি সম্পর্কে আরও সচেতন হবেন।’ ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, ‘লালগড় থানার এমন উদ্যোগ প্রশংসনীয়। জেলা জুড়ে সাইবার ক্রাইম রুখতে নানা ভাবে প্রচার চালানো হচ্ছে। লোকজন সচেতন হলে তবেই এই ক্রাইম রুখে দেওয়া সম্ভব।’
থানার যাবতীয় ডিউটি সামলে নিয়মিত নাটকের মহড়াও চলছে। এক পুলিশকর্মীর কথায়, ‘নাটকের দলে যাঁরা অভিনয় করছেন তাঁদের কয়েক জনের আগেও নাটক করার অভিজ্ঞতা রয়েছে। ফলে নাটক কিন্তু জমে যাবে। মিলিয়ে নেবেন। নাটকে যাঁরা প্রতারিত হয়েছেন তাঁরা সকলেই পুলিশের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত প্রতারকরাও ধরা পড়ে।’ কী ভাবে? ওইপুলিশকর্মীর সহাস্য উত্তর, ‘উঁহু, সেটা তো বলা যাবে না। জানতে হলে নাটকটা দেখতে হবে।’