কালীপুজোতেও বামপন্থী ছাত্র সংগঠনের বুকস্টলে ভাঙচুরের অভিযোগ, এলাকায় উত্তেজনা
দুর্গাপুজোর পর কালীপুজোতেও মিলল না ছাড়! SFI-এর বুকস্টল ভাঙা হয়েছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ও নৈহাটি এলাকায় এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করছে এসএফআই। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি।
দুর্গাপুজোর সময়ে উত্তর ২৪ পরগনা, কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় সিপিএম এবং বামপন্থী রাজনৈতিক সংগঠনের বইয়ের স্টল ভাঙা হয়েছিল। এর পরেও তাদের বই বিক্রি আটকানো যায়নি বলে দাবি করে CPIM।
কালীপুজোতেও একই ঘটনা ঘটল। কালীপুজো উপলক্ষে হাবড়া-২ গ্রামীণ এলাকার খারোতে বুকস্টল করেছিল এসএফআই। অভিযোগ, রবিবার বিজেপির কর্মী-সমর্থকরা সেখানে গিয়ে ভাঙচুর চালিয়েছেন। শুধু স্টল ভাঙচুরই নয়, সংগঠনের ফ্লেক্স ছিঁড়ে ফেলা এবং মনীষীদের ছবি মাটিতে ফেলে পা দিয়ে মাড়ানোরও অভিযোগ উঠেছে। স্টলে থাকা বইপত্র ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বলেও দাবি ভারতের ছাত্র ফেডারেশনের (এসএফআই)।
এসএফআইয়ের হাবড়া ২ গ্রামীণ এলাকার বাম কর্মীদের অভিযোগ, তাঁদের বুকস্টলে আচমকাই দুটি ফ্লেক্স নিয়ে হাজির হন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই ফ্লেক্স বুক স্টলে লাগানোর চেষ্টা হলে আপত্তি জানান তাঁরা। তাঁদের বক্তব্য, এসএফআইয়ের বুকস্টলে অন্য রাজনৈতিক দলের ফ্লেক্স লাগানোর চেষ্টা করে। কেন এই কাজ করা হবে তা জানতে চান তাঁরা। এই নিয়ে প্রতিবাদ করতেই তাঁদের বুকস্টলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর ক্ষোভ উগরে দিয়ে এসএফআই কর্মী-সমর্থকদের প্রশ্ন, গণতান্ত্রিক দেশে নিজেদের মতামত প্রকাশ কিংবা প্রতিবাদ জানানোর অধিকারও কি থাকবে না?
নৈহাটি স্টেশন রোডের কলেজ মোড়েও এসএফআই-এর বুকস্টল ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ, স্টল সরানোর হুমকি দেওয়া হয়েছিল। তা না করায় স্টলে ভাঙচুর চালায় বিজেপির লোকজন।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকার BJP নেতারা।