Sheikh Hasina: বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করলেন হাসিনা, এবার কি ফেরার প্রক্রিয়া শুরু? | Sheikh Hasina Seeks Fresh Passport and NID Ahead of Planned December Return to Bangladesh
নয়া দিল্লি: বাংলাদেশে ফেরার প্রস্তুতি শুরু করলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সূত্রের খবর, নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (NID) জন্য আবেদন করেছেন তিনি। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে হাসিনাকে নতুন করে ভ্রমণের নথি দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ করা উচিত বলে মনে করছে বাংলাদেশের সরকার। ফলে হাসিনার ফেরা নিয়ে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে ঢাকা ও নয়া দিল্লির মধ্যে।
প্রত্যর্পণের দাবি বাংলাদেশের
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। তাঁর দাবি, “আমরা চাই হাসিনাকে হস্তান্তর করা হোক। তিনি একজন সন্ত্রাসবাদী। পলাতক। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে।” নতুন পাসপোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করা উচিত।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হাসিনার আইনজীবীরা নয়া দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন ভ্রমণ ও পরিচয়পত্রের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। লন্ডন ভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের তরফে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে ওই চিঠি পাঠানো হয়েছে। ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম এ ধরনের যোগাযোগ করলেন হাসিনা।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ হাসিনার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে দিয়েছিল। সেই কারণে তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। পাশাপাশি, আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত চুক্তির আওতায় বাংলাদেশের যে দায়িত্ব রয়েছে, তার উল্লেখ করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আর্জিও জানানো হয়েছে।
কেন বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা?
২০২৪ সালের অগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। কয়েক সপ্তাহের আন্দোলন ক্রমে দেশজুড়ে গণবিক্ষোভের চেহারা নেয়। শেষ পর্যন্ত ২০ বছরেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। দেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। গত দুই বছর ধরে ভারতেই থাকছিলেন। সম্প্রতি, হাসিনা জানিয়েছিলেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন।
তবে দেশে ফিরলে একাধিক আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা শোনায়। ২০২৪ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর তাঁর সরকারের দমন-পীড়নের অভিযোগে এই সাজা দেওয়া হয়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। তাঁর দাবি, বাংলাদেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করবেন।
এদিকে, হাসিনার দল আওয়ামী লিগকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তাঁর সরকারের পতনের পর দলের একাধিক নেতা ও সমর্থক গ্রেফতার হয়েছেন। অনেকে আবার ভারত-সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।
হাসিনাকে প্রত্যর্পণের দাবিতে অনড় বাংলাদেশ
হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়ায় দেশে ফেরানোর পক্ষেই সওয়াল করছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রশ্ন, যে ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানোর দাবি জানানো হচ্ছে, তাঁর জন্য নতুন পাসপোর্টের প্রয়োজন কী?
‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, কবির বলেন, “তিনি কি রংপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসছেন যে তাঁকে পাসপোর্ট দিতে হবে? সন্ত্রাসবাদী ও অপরাধীদের গ্রেফতার করতে পাসপোর্টের প্রয়োজন হয় না। এটি হস্তান্তরের বিষয়, এর জন্য বিচারবিভাগীয় প্রক্রিয়া রয়েছে।”
তিনি আরও জানিয়েছেন, প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক পথেই হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে, ঢাকার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে আগেই জানিয়েছিল নয়া দিল্লি।