দূষণে ঢাকল দিল্লি, বন্ধ মনিটরিং স্ক্রিন, AQI-র তথ্য কারচুপির অভিযোগ বিরোধীদের - 24 Ghanta Bangla News
Home

দূষণে ঢাকল দিল্লি, বন্ধ মনিটরিং স্ক্রিন, AQI-র তথ্য কারচুপির অভিযোগ বিরোধীদের

Spread the love

দীপাবলির রাত পেরোতেই বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি-NCR। বাতাসের গুণমান পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে। একাধিক এলাকায় AQI-র মাত্রা ৪০০ ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে রাজধানীর বাসিন্দাদের। কিন্তু দূষণের ভয়াবহতার পাশাপাশি এ বার নতুন করে বিতর্ক শুরু হয়েছে দূষণের তথ্য নিয়েও।

AQI-এর প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করছে না দিল্লির বিজেপি সরকার, এমনই অভিযোগ তুলেছে বিরোধী কংগ্রেস ও আম আদমি পার্টি (AAP)। তাদের দাবি, একাধিক মনিটরিং স্টেশন থেকে গুরুত্বপূর্ণ সময়ে তথ্য উধাও হয়ে গিয়েছে। কোথাও আবার সরকারি পরিসংখ্যানের সঙ্গে নিরপেক্ষ সংস্থার দূষণ পরিমাপের রিডিংয়ে বিস্তর ফারাক।

অন্যদিকে, বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের দাবি, দিল্লিতে দীর্ঘ ২৫ বছর ক্ষমতায় থেকেও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ করেনি কংগ্রেস ও AAP। হিন্দুদের উৎসব এলেই দূষণ নিয়ে রাজনীতি শুরু করে বিরোধীরা।

দিল্লির AQI ৪০০ পার, অনেক এলাকায় পরিস্থিতি গুরুতর

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর, রাত ১১টা ৫ মিনিটে দিল্লির সামগ্রিক AQI ছিল ৩৭৩। তবে শহরের একাধিক এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। আলিপুর, বাওয়ানা, বুরারি, মুন্ডকা, পাঞ্জাবি বাগ, রোহিণী-সহ একাধিক এলাকায় সূচক ৪০০ ছাড়িয়ে যায়। নয়ডায় AQI ছিল ৩১৯, গাজ়িয়াবাদে ৩৬০, গুরুগ্রামে ২৮০ এবং ফরিদাবাদে ২৯৭। CPCB-র মাপকাঠিতে ৪০১ থেকে ৫০০-র মধ্যে AQI থাকলে তাকে গুরুতর দূষিত হিসেবে চিহ্নিত করা হয়।

২৫টি মনিটরিং স্টেশনে তথ্য উধাও!

কংগ্রেসের মুখপাত্র পবন খেরার অভিযোগ, রাত ২টো থেকে ৩টের মধ্যে দিল্লির ৩৯টি মনিটরিং স্টেশনের মধ্যে ২৫টি থেকে PM2.5-এর কোনও তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, একাধিক মনিটরিং স্টেশনের রিয়েল-টাইম রিডিং বন্ধ হয়ে যায়। সংবাদ সংস্থা IANS-এর রিপোর্ট অনুযায়ী, আরকে পুরম, নেহরু নগর, মুন্ডকা, সোনিয়া বিহার এবং দ্বারকা-সহ দিল্লির বেশ কয়েকটি স্টেশন থেকে গুরুত্বপূর্ণ সময়ে দূষণের তথ্য পাওয়া যায়নি।এই নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। তাঁর দাবি, দূষণের পরিসংখ্যান গোপন করে বাস্তব পরিস্থিতি আড়াল করা হচ্ছে।

এক্স হ্যান্ডলে একটি পোস্টে খেরা লেখেন, তথ্য উধাও হয়ে যাওয়ার অর্থ এই নয় যে দূষণও উধাও হয়ে গিয়েছে। রাজধানীর মানুষকে প্রকৃত পরিস্থিতি জানানো সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি, ২০১৯ সালে দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের কথাও স্মরণ করিয়েছেন খেরা।

ওই বছর দিল্লির ভয়াবহ দূষণ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। রাজধানীবাসীকে কেন ‘গ্যাস চেম্বারে’ বসবাস করতে হচ্ছে, সেই প্রশ্নও তুলেছিল শীর্ষ আদালত। দূষণ মোকাবিলায় এয়ার পিউরিফায়িং টাওয়ার বসানোর পরিকল্পনা চূড়ান্ত করতে কেন্দ্র ও দিল্লি সরকারকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিল আদালত।

অন্যদিকে, AAP নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, দীপাবলির রাতে দিল্লির কয়েকটি এলাকায় AQI ৩,০০০ ছাড়িয়ে গিয়েছিল। সরকারি ড্যাশবোর্ডে প্রকৃত দূষণের ছবি ধরা পড়ছে না বলেও কংগ্রেস মুখপাত্রের মতোই অভিযোগ করেন তিনি। তবে এই পরিসংখ্যান CPCB-র সরকারি রিডিং নয়।

বিরোধীদের পাল্টা আক্রমণ বিজেপির

বিরোধীদের অভিযোগের জবাবে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালের দাবি, কংগ্রেস ১৫ বছর এবং AAP ১০ বছর দিল্লিতে ক্ষমতায় থেকেও দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেয়নি। তাঁর অভিযোগ, হিন্দু উৎসব এলেই দূষণ নিয়ে রাজনীতি শুরু করে বিরোধীরা।

উল্লেখ্য, দীপাবলির আগেই দিল্লি-NCR-এ দূষণ নিয়ন্ত্রণে GRAP-এর তৃতীয় পর্যায় কার্যকর হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে ৭ ও ৮ নভেম্বর নির্দিষ্ট সময়ে গ্রিন বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। ৯ নভেম্বর থেকে ফের সম্পূর্ণ বাজি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *