অন্নকূট উৎসবে কেন ৫৬ ভোগ নিবেদন করা হয়? জানুন কাহিনি। Ei Samay
কেন অন্নকূট উৎসবে এত রকমের ভোগ দেওয়া হয়?
অন্নকূট উৎসবে শ্রীকৃষ্ণের উদ্দেশে প্রচুর পরিমাণে খাবার নিবেদন করা হয়। কোথাও ৫৬ ভোগ, কোথাও আবার তারও বেশি পদ রান্না করা হয়। পরে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে দিয়ে অন্নের মাহাত্ম্য, পারস্পরিক সহযোগিতা এবং ভাগ করে খাওয়ার আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে।
৫৬ ভোগ নিবেদন করা কেন গুরুত্বপূর্ণ?
কথিত, মা যশোদা বালক কৃষ্ণকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন। গোবর্ধন পর্বতকে টানা ৭ দিন কৃষ্ণ ধারণ করার কারণে সে সময় তিনি অন্ন-জল গ্রহণ করেননি। কর্তব্যে অবিচল থেকে গ্রামবাসীদের প্রাণরক্ষায় অভুক্ত থাকেন।
দিনে আট বার করে খাদ্য গ্রহণ ধরে সাত দিনের হিসেবে তাঁর জন্য (৮x৭ =৫৬) ছাপ্পান্ন রকম পদ তৈরি করেন গোকূলবাসী। এই ৫৬ রকমের পদই ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত হয়।
৫৬ ভোগে থাকে ২০ ধরনের মিষ্টি, ১৬ রকমের নোনতা খাবার এবং ২০ রকমের শুকনো ফল। মাখন মিছরি, ঘোল, মোহনভোগ, জিরে লাড্ডু, জিলিপি, রসগোল্লা, রাবড়ি, মালপোয়া, মুগডাল হালুয়া, মাতির, চাটনি, মোরব্বা, দই, শাক, ভাত, খিচুড়ি, বেগুন সবজি, লাউ সবজি, পুরি, ভাজা, পাপড়, পকোড়া, টিকিয়া এবং পান নিবেদন করা হয়।