আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! দীপাবলির রাতে কলকাতায় নিষিদ্ধ বাজি, ধৃত ৫৯২ - 24 Ghanta Bangla News
Home

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! দীপাবলির রাতে কলকাতায় নিষিদ্ধ বাজি, ধৃত ৫৯২

Spread the love

কলকাতা: দীপাবলির রাতে ফের আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শহরজুড়ে চলল যথেচ্ছ শব্দবাজি এবং পরিবেশের জন্য ক্ষতিকর দূষণকারী বাজি ফাটানোর উৎসব। তবে শহরবাসীর নিরাপত্তা ও…

কলকাতা: দীপাবলির রাতে ফের আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শহরজুড়ে চলল যথেচ্ছ শব্দবাজি এবং পরিবেশের জন্য ক্ষতিকর দূষণকারী বাজি ফাটানোর উৎসব। তবে শহরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাতভর কড়া পাহারা ও নজরদারি চালিয়েছিল কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি ফাটানো এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সবমিলিয়ে মোট ৫৯২ জনকে গ্রেপ্তার করেছে লালবাজার। সোমবার পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ৫৯২ জনের মধ্যে ২০৫ জনকে ধরা হয়েছে শুধুমাত্র নিষিদ্ধ বাজি ফাটানোর অপরাধে। বাকি ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে। এছাড়া উৎসবের রাতে বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে ট্রাফিক বিভাগ। নিয়ম ভেঙে গাড়ি চালানোর অভিযোগে মোট ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে শুধু হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে ৪৫৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

উৎসবের রাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই কড়া ব্যবস্থা নিয়েছিল লালবাজার। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়, সিগন্যাল তো বটেই, এমনকি সংবেদনশীল এলাকার অলিগলিতেও মোতায়েন করা হয়েছিল পুলিশ পিকেট। নিষিদ্ধ বাজি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখতে রাতভর রাজপথে ডিউটি করেছেন পুলিশকর্মীরা।

বাংলায় শুধু মন্দির সংস্কারে আপত্তি! মসজিদ গির্জা বাদ কেন? প্রশ্ন অধীরের

দেশে ফেরার প্রস্তুতি? দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে পাসপোর্ট চেয়ে আবেদন হাসিনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *