‘যে কোনও সময়ে…’, এ বার ‘দিমাগি নকশাল’ নিয়ে মোদীকে প্রকাশ্যে বিতর্কে বসার চ্যালেঞ্জ রাহুলের
‘প্রধানমন্ত্রী আমাদের নকশাল বললেন। ওঁর কথায় ভরসা করেননি জওয়ানরাও, তাঁদের মুখ দেখেই তা স্পষ্ট!’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্য ঘিরে নতুন করে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু পাল্টা আক্রমণই নয়, ফের মোদীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, দেশের শত্রু কে, আর বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কে চলছে, তা নিয়ে মুখোমুখি আলোচনা হোক। সময় ও জায়গা—দু’টিই প্রধানমন্ত্রীর পছন্দমতো হতে পারে।
রবিবার দিওয়ালি উপলক্ষে ছত্তিসগড়ে CRPF জওয়ানদের ক্যাম্পে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, ‘জঙ্গলের সশস্ত্র নকশালিদের নির্মূল করা গেলেও নকশালবাদের বিপদ পুরোপুরি শেষ হয়নি।’ তাঁর অভিযোগ, ‘দিমাগি নকশাল’ বা নকশালপন্থী মতাদর্শে বিশ্বাসীরা বিভিন্ন প্রতিষ্ঠান এমনকী রাজনৈতিক দলগুলির মধ্যেও প্রভাব বিস্তার করেছে। সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে তারা। এই শক্তিকে চিহ্নিত করে পরাস্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তাঁর কথায়, নিট প্রশ্নফাঁস, জ্ঞানেশকাণ্ড-সহ সরকার বিরোধী সমস্ত আন্দোলনের পিছনে আসলে কলকাঠি নেড়েছিল ‘দিমাগি নকশাল’-রাই। একই সঙ্গে নকশাল দমনে নিরাপত্তাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। আগের সরকারগুলির তুলনা টেনে তিনি দাবি করেন এর আগে বাহিনীর হাত বেঁধে রাখা হতো। সেই তুলনায় তাঁর সরকার জওয়ানদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
এরই পাল্টা সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাহুল। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-এর জওয়ানদের উদ্দেশে এই বার্তা দেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি লেখেন, ‘আপনাদের মুখই সব বলে দিচ্ছিল। প্রধানমন্ত্রীর কথায় আপনারা বিশ্বাস করেননি। উনি আমাদের নকশাল বলেছেন।’ এর পরেই মোদীকে বিতর্কে বসার চ্যালেঞ্জ পুনরায় জানান তিনি। চ্যালেঞ্জের সুরে তিনি বলেন,‘আমার চ্যালেঞ্জ রইল, কে দেশদ্রোহী, আর কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, তা নিয়ে তিনি আমার সঙ্গে মুখোমুখি বিতর্কে আসুন। যে কোনও সময়, যে কোনও জায়গায়। বিতর্কের পরে কোনও জওয়ানের সামনে দাঁড়ানোর সাহসও প্রধানমন্ত্রীর থাকবে না।’
আগেও বিতর্কে বসার চ্যালেঞ্জ
প্রকাশ্য বিতর্কের দাবি অবশ্য এই প্রথম নয়। নভেম্বরের গোড়া থেকেই বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে মোদীকে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছেন রাহুল। এর আগে বিদেশি শক্তির প্রভাব এবং দেশের আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেও বিতর্কের চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি। ৩ নভেম্বর সমাজমাধ্যমে একটি সমীক্ষাও পোস্ট করেন রাহুল। সেখানে তরুণদের কাছে জানতে কংগ্রেস সাংসদ জানতে চান, তাঁরা রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর প্রকাশ্য বিতর্ক দেখতে চান কি না।
অন্য দিকে, মোদীর মন্তব্য ঘিরে কংগ্রেসের তরফেও আপত্তি জানানো হয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেন, দীপাবলির অনুষ্ঠানে নিরাপত্তাবাহিনীর সামনে দাঁড়িয়ে রাজনৈতিক বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী।
FAQ
১. ‘দিমাগি নকশাল’ বলতে কী বুঝিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
মোদীর অভিযোগ, সশস্ত্র নকশালিদের দমন করা গেলেও নকশালপন্থী মতাদর্শে বিশ্বাসী কিছু মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের মধ্যে প্রভাব বিস্তার করছে। তাঁদেরই ‘দিমাগি নকশাল’ বলে উল্লেখ করেছেন তিনি।
২. কেন মোদীকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল গান্ধী?
প্রধানমন্ত্রী বিরোধীদের ‘নকশাল’ বলায় আপত্তি জানিয়েছেন রাহুল। দেশের শত্রু কে এবং বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কে রয়েছে, তা নিয়ে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানিয়েছেন তিনি।
৩. রাহুল গান্ধী কবে এই চ্যালেঞ্জ জানিয়েছেন?
সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে CRPF জওয়ানদের উদ্দেশে বার্তা দেওয়ার পাশাপাশি মোদীকে ফের বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান রাহুল।
৪. কোথায় ‘দিমাগি নকশাল’ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী?
দিওয়ালি উপলক্ষে ছত্তিসগড়ে CRPF জওয়ানদের ক্যাম্পে গিয়ে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৫. এর আগে কি মোদীকে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাহুল?
হ্যাঁ। নভেম্বরের গোড়া থেকেই বিদেশি শক্তির প্রভাব এবং দেশের আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ-সহ বিভিন্ন বিষয় নিয়ে মোদীকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়ে আসছেন তিনি।