VI New Plan: ৩৫ টাকায় দেখুন সিনেমা, ওয়েব সিরিজ! নয়া রিচার্জ প্ল্যান আনল VI | Watch Regional Movies And Web Series For Just Rs 35: Vi’s New OTT Pack Explained
কলকাতা: স্মার্টফোনে সিনেমা, সিরিজ বা আঞ্চলিক ভাষার কন্টেন্ট দেখতে ভালবাসেন? তাহলে ভোডাফোন আইডিয়া বা ভি গ্রাহকদের জন্য নতুন সুখবর। মাত্র ৩৫ টাকার একটি নতুন অ্যাড অন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে ভি। এই প্ল্যানে মিলবে ১ জিবি ডেটা ও পছন্দমতো ৬টি আঞ্চলিক ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে যেকোনও ২টি বেছে নেওয়ার সুযোগ। বিশেষ বিষয় হল, ওটিটির সুবিধা পাওয়া যাবে ২৮ দিন পর্যন্ত।
কী কী সুবিধা পাওয়া যাবে এই রিচার্জে?
ভি-র নতুন ৩৫ টাকার রিচার্জটি মূলত বিনোদনপ্রেমীদের কথা ভেবে তৈরি। এই প্ল্যানে রয়েছে ১ জিবি ডেটা, যার বৈধতা ৭ দিন। অন্যদিকে, পছন্দের ২টি ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহারের সুযোগ পাওয়া যাবে ২৮ দিন পর্যন্ত। অর্থাৎ, যেকোনও ২টি ওটিটি ও বিভিন্ন অনুষ্ঠান ৩৫ টাকায় দেখতে পাবেন দর্শকরা। বাংলা ভাষায় সিনেমা ও ওয়েব সিরিজ দেখতে পছন্দ করলে গ্রাহকদের দেওয়া হবে ক্লিক ও আড্ডাটাইমস ওটিটি। অন্যদিকে পাঞ্জাবি, হরিয়ানভি ও ভোজপুরি কন্টেন্টের জন্য বেছে নিতে পারেন Chaupal। ওড়িয়া ভাষার অনুষ্ঠান দেখতে রয়েছে Aao NXT । দক্ষিণ ভারতীয় কন্টেন্ট দেখার জন্য আছে Sony LIV South ও Manorama MAX।
কিভাবে অ্যাক্টিভ করতে হবে এই ওটিটি সুবিধা?
প্রথমে ভি নম্বরে ৩৫ টাকার রিচার্জ করতে হবে। এরপর অ্যাপ খুলে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। সেখানে তালিকা থেকে পছন্দের দুটি ওটিটি প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। তারপর অ্যাপের মাধ্যমেই পছন্দের সিনেমা, সিরিজ দেখতে পারবেন। মনে রাখতে হবে, এটি কিন্তু একটি অ্যাড অন প্যাক। অর্থাৎ, এই সুবিধা ব্যবহার করতে গেলে আপনাকে আগে থেকেই একটি রিচার্জ প্ল্যান রাখতে হবে। শুধু ৩৫ টাকার রিচার্জ করলেই মূল পরিষেবার মেয়াদ বাড়বে না।
যদিও, এর পাশাপাশি ট্রাইয়ের নির্দেশিকার পর একাধিক ভয়েস অনলি প্রিপেড রিচার্জ প্ল্যানও চালু করেছে ভি। যাঁদের মোবাইল ডেটার প্রয়োজন নেই ও মূলত কল করার জন্য রিচার্জ করেন, তাঁদের কথা মাথায় রেখেই এই প্ল্যানগুলি আনা হয়েছে। এবার ৩৫ টাকার নতুন ওটিটি প্যাকের মাধ্যমে আঞ্চলিক বিনোদনপ্রেমীদের আকৃষ্ট করছে সংস্থাটি।