ভুল পোস্ট করে বিপাকে অনিল কাপুর! কেন ক্ষমা চাইত হল ‘মিস্টার ইন্ডিয়া’কে? – Bengali News | Anil kapoor in trouble for posting the wrong picture the actor apologized
বলিউডে চার দশকের বেশি সময় ধরে কাজ করছেন অনিল কাপুর। এই অভিনেতা আজও যেমন নিজের কাজ নিয়ে গর্বিত, তেমনই সহকর্মীদের প্রতি সম্মান দেখাতেও কখনও পিছপা নন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর করা একটি ছোট ভুল তাঁকে নতুন করে আলোচনায় এনে ফেলেছে।
ঘটনাটা শুরু হয় অনিল কাপুরের একটি নস্ট্যালজিক পোস্ট দিয়ে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি শেয়ার করেন সিনেমা ‘পুকার’ এর জনপ্রিয় গান ‘শুনতা হ্যায় মেরা খুদা’। গানটি মুক্তির এত বছর পরেও যে দর্শকদের মনে গেঁথে আছে, তা বোঝাতেই ছিল তাঁর পোস্ট। ছবির স্মৃতি, গানটির আবেগ সব মিলিয়ে পোস্টটির কমেন্ট বক্স ভালবাসায় ভরিয়ে দিচ্ছিলেন ভক্তরা।
কিন্তু খুব তাড়াতাড়িই নেটিজেনদের চোখে পড়ে যায় একটি বিষয়। ওই পোস্টে গানটির সঙ্গে যুক্ত গায়কদের নাম ট্যাগ করা হয়নি। এক নেটিজেন সরাসরি কমেন্টে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য ছিল, এমন আইকনিক গানের ক্ষেত্রে গায়কদের অবদান ভুলে গেলে চলে না। সেই কমেন্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় আলোচনা।
অনেক তারকা এমন পরিস্থিতিতে চুপচাপ পোস্ট ডিলিট করে দেন বা বিষয়টি এড়িয়ে যান। কিন্তু অনিল কাপুর বিষয়টিকে একেবারেই অবহেলা করেননি। তিনি প্রকাশ্যে ক্ষমা চান। নিজের মন্তব্যে অনিল লেখেন যে, এটি অনিচ্ছাকৃত ভুল এবং তিনি শিগগিরই সংশোধন করবেন। কথায় নয়, কাজে সেটা প্রমাণও করেন অভিনেতা। এরপর অনিল কাপুর নতুন করে পুরো ক্রেডিটসহ গানটি পোস্ট করেন। যা দেখে বেশ খুশি ভক্তরা। গায়ক উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তির পাশাপাশি সংগীত পরিচালক এ আর রহমান এবং গীতিকার মজরুহ সুলতানপুরীর নামও উল্লেখ করা হয়।
নেটিজেনদের বড় অংশ অনিল কাপুরকে এই আচরণের জন্য সাধুবাদ জানান। অনেকেই লেখেন, ভুল তো মানুষেরই হয়, কিন্তু ভুল স্বীকার করে নেওয়াটাই আসল। কেউ কেউ আবার বলেন, আজকের দিনে দাঁড়িয়ে একজন সিনিয়র অভিনেতার কাছ থেকে এমন ব্যবহার সত্যিই অনুপ্রেরণাদায়ক।
২০০০ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পুকার’ এবং তার গান যে আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আছে সেটির প্রমাণ অভিনেতার কমেন্ট বক্স।