Ranojoy Bishnu Hospitalized: নাকে অক্সিজেনের নল, হাতে স্যালাইনের চ্যানেল! হাসপাতালে ভর্তি রনজয় বিষ্ণু, কী হয়েছে অভিনেতার? | Actor Ranojoy Bishnu Hospitalized During Diwali: Manager Shares Health Update
আলোর উৎসব দীপাবলি। চারিদিকে যখন উৎসবের মেজাজ, ঠিক তখনই টলিপাড়ায় এল এক দুঃসংবাদ। উৎসবের আনন্দ থেকে শত যোজন দূরে, হাসপাতালের বিছানায় শুয়ে দিন কাটছে জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণুর। কপালে হলুদ তোয়ালে, হাতে স্যালাইনের চ্যানেল, আর নাকে অক্সিজেনের নল, এমনই এক উদ্বেগজনক ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। বর্তমানে স্টার জলসার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন রনজয়। তবে আচমকা কী হল তাঁর? কেন এই উৎসবের দিনে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল?
দীপাবলির দিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন রনজয়। ফ্রেমে দেখা যাচ্ছে, হাসপাতালের নীল পোশাকে শুয়ে রয়েছেন তিনি। ক্যাপশনে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, “এবারের দীপাবলিটা একটু অন্যরকম। সবাইকে সুন্দর ও আনন্দময় উৎসবের শুভেচ্ছা”। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হাসপাতালে ভর্তি থাকার কারণে ফোনে তাঁকে পাওয়া যাবে না এবং কবে তিনি বাড়ি ফিরবেন, সে বিষয়েও তিনি নিশ্চিত নন।
অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করা হলে টিভি ৯ বাংলাকে তাঁর ম্যানেজার বিস্তারিত জানান। ম্যানেজার বলেন, রনজয়ের বেশ কয়েকদিন ধরেই জ্বর ছিল। কাজের প্রবল চাপের কারণে জ্বর নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। জ্বর কমানোর সাধারণ ওষুধ খেয়েই কাজ সামলাচ্ছিলেন, কিন্তু কিছুতেই সেই জ্বর কমছিল না। ম্যানেজারের কথায়, “ওর জ্বর কিছুতেই নামছে না। প্রথমদিকে বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল। কিন্তু জ্বর না কমায় চিকিৎসক জানান, আর বাড়িতে রাখা ঠিক হবে না, হাসপাতালে ভর্তি হতেই হবে”। চিকিৎসকের পরামর্শ মেনেই গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজের প্রতি রনজয়ের নিষ্ঠা বরাবরই প্রশংসনীয়। শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউলের মাঝে নিজের শারীরিক অসুস্থতাকেও খুব একটা পাত্তা দেননি তিনি। কিন্তু দীর্ঘদিনের জ্বরে অভিনেতার শরীর ক্রমশ দুর্বল হয়ে গিয়েছে। ম্যানেজার আরও জানিয়েছেন, জ্বর থাকলে সাধারণ মানুষের যেমন শারীরিক দুর্বলতা তৈরি হয়, রনজয়ের ক্ষেত্রেও ঠিক তেমনই হচ্ছে। ওষুধ খেয়ে সাময়িক জ্বর কমলেও, তা পুরোপুরি যাচ্ছে না। তাই জ্বর কেন কমছে না, তার প্রকৃত কারণ জানতে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন এই তারকা। বর্তমানে স্টার জলসার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। রনজয়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। উৎসবের এই মরসুমে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরে আসুন, এখন এমনটাই প্রার্থনা সকলের।