Crime News: বচসার মধ্যেই ধারালো অস্ত্রের ‘কোপ’! কলকাতায় লিভ-ইন পার্টনারকে কুপিয়ে ‘খুন’! | Woman and Her Mother Arrested Over 25 Year Old Live In Partner death in Garia
কলকাতা: কালীপুজোর (Kalipuja) দিন গড়িয়ায় (Garia Crime News) চাঞ্চল্য। লিভ-ইন পার্টনারকে (Garia Live-in-Partner Death) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। শনিবার রাতে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ফ্ল্যাটে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সার্থক সরকার (২৫)। তাঁর বাড়ি বারাসতে। এই ঘটনায় অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ।
অশান্তির মাঝেই ধারালো অস্ত্রের ‘কোপ’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফর্তাবাদের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন সার্থক ও সঞ্চালিকা। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার রাতে তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। অভিযোগ, সেই অশান্তির মধ্যেই সার্থকের কাঁধে ধারালো অস্ত্রের কোপ দেন ওই তরুণী। সূত্রের খবর, অশান্তি, বচসার আওয়াজ পেয়ে রাতেই পাড়ার অনেকে ফ্ল্যাটে যান। ফ্ল্যাটে গিয়ে দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সার্থক। গুরুতর জখম অবস্থায় সার্থককে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে অশান্তি, খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পরই পুলিশে খবর দেন স্থানীয়রাই। তারপরই তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় সঞ্চালিকার পাশাপাশি তাঁর মা মৌমিতা বসুকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে খুনের ঘটনায় তরুণীর মায়েরও ভূমিকা থাকতে পারে। কী কারণে দু’জনের মধ্যে অশান্তি বাধল, খুনের ঘটনায় মায়ের ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।