থরে থরে সাজানো নোটের বান্ডিল! দিওয়ালিতে কর্মীদের লাখ টাকা বোনাস দিয়ে ভাইরাল এই ব্যবসায়ী
দিওয়ালিতে বোনাস মানেই অনেকের কপালে জোটে সোনপাপড়ির বাক্স কিংবা এক প্যাকেট শুকনো ফল। কিন্তু গুজরাটের সুরাটের এক ব্যবসায়ী যা করলেন, তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজ়েনদের। মিষ্টি নয়, নিজের ২০ জন কর্মচারীর প্রত্যেকের হাতে দিওয়ালির উপহার হিসেবে তুলে দিয়েছেন নগদ এক লক্ষ টাকারও বেশি বোনাস। শুধু তাই নয়, খামে পুরে দেওয়ার বদলে রুপোলি পুজোর থালায় থরে থরে নোটের বান্ডিল সাজিয়ে এই উপহার দেওয়া হয়েছে। ব্যবসায়ীর এমন অবিশ্বাস্য কাণ্ডের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।