ব্যাঙ্কে না গিয়েই জমা দিন লাইফ সার্টিফিকেট, Jeevan Pramaan অ্যাপ ব্যবহারের নিয়ম - 24 Ghanta Bangla News
Home

ব্যাঙ্কে না গিয়েই জমা দিন লাইফ সার্টিফিকেট, Jeevan Pramaan অ্যাপ ব্যবহারের নিয়ম

Spread the love


নয়াদিল্লি: পেনশন চালু রাখতে প্রতি বছর লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতে হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। সাধারণত নভেম্বর মাসে এই শংসাপত্র জমা দেওয়ার নিয়ম রয়েছে। আগে এই কাজেরa জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সশরীরে হাজির হতে হত। কিন্তু প্রবীণ পেনশনভোগী এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের পক্ষে বারবার বাইরে যাওয়া বেশ সমস্যার। সেই অসুবিধা কমাতে কেন্দ্রীয় সরকারের রয়েছে Jeevan Pramaan বা জীবন প্রমাণ প্রকল্প। এই ব্যবস্থায় আধার-ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে অনলাইনেই Digital Life Certificate (DLC) তৈরি ও জমা দেওয়া যায়।

একবার ডিজিটাল সার্টিফিকেট তৈরি হয়ে গেলে তা অনলাইনে সংরক্ষিত থাকে। পেনশনভোগী এবং সংশ্লিষ্ট Pension Disbursing Agency (PDA), অর্থাৎ যে ব্যাঙ্ক বা সংস্থার মাধ্যমে পেনশন দেওয়া হয়, তারা প্রয়োজন অনুযায়ী সেটি দেখতে পারে।

কী এই Life Certificate এবং Jeevan Pramaan অ্যাপ?

লাইফ সার্টিফিকেট হল এমন একটি নথি, যার মাধ্যমে পেনশনভোগী জীবিত রয়েছেন এবং পেনশন পাওয়ার যোগ্য, তা নিশ্চিত করা হয়। ব্যাঙ্ক, পোস্ট অফিস-সহ সংশ্লিষ্ট Pension Disbursing Authority-র কাছে এই শংসাপত্র জমা দিতে হয়।

প্রচলিত নিয়মে পেনশনভোগীকে নির্দিষ্ট ফরম্যাটে সার্টিফিকেট জমা দিতে বা সংশ্লিষ্ট দফতরে সশরীরে হাজির হতে হত। প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই প্রক্রিয়া অনেক সময় কষ্টকর হয়ে ওঠে।

এই সমস্যা দূর করতে ২০১৪ সালের ১০ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Jeevan Pramaan প্রকল্পের সূচনা করেন। এর মাধ্যমে সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং আধার-ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করা যায়। সার্টিফিকেট তৈরি হওয়ার পর তা অনলাইনে সংরক্ষিত হয় এবং সংশ্লিষ্ট পেনশন প্রদানকারী সংস্থার কাছে পৌঁছে যায়।

ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরির আগে কী কী লাগবে?

Jeevan Pramaan অ্যাপের মাধ্যমে সার্টিফিকেট তৈরি করতে কয়েকটি প্রয়োজনীয় নথি ও সরঞ্জাম হাতের কাছে রাখতে হবে।

  • বৈধ আধার কার্ড।
  • আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর।
  • Pension Disbursing Agency-র কাছে আধার সংক্রান্ত তথ্য নথিভুক্ত থাকা।
  • আঙুলের ছাপ নেওয়ার জন্য বায়োমেট্রিক ডিভাইস অথবা সংযুক্ত আইরিস স্ক্যানার।

Jeevan Pramaan অ্যাপে লাইফ সার্টিফিকেট তৈরির পদ্ধতি

ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরির প্রক্রিয়ায় মূলত দুটি পর্যায় রয়েছে। প্রথমে অপারেটরের অথেনটিকেশন ও বায়োমেট্রিক ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পেনশনভোগীর পরিচয় যাচাই করে সার্টিফিকেট তৈরি করা যাবে।

ধাপ ১: Jeevan Pramaan অ্যাপ ডাউনলোড করুন

প্রথমে Jeevan Pramaan-এর ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপটি খুলে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করুন।

ধাপ ২: অপারেটর অথেনটিকেশন শুরু করুন

অ্যাপ খোলার পর Operator Authentication অথবা Device Registration প্রক্রিয়া শুরু করতে হবে। নির্দিষ্ট বায়োমেট্রিক ডিভাইসের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন একবারই করতে হয়।

এক্ষেত্রে অপারেটর অথবা পেনশনভোগীর আধার নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি অ্যাপে লিখে পরবর্তী ধাপে এগিয়ে যান।

ধাপ ৩: অপারেটরের পরিচয় যাচাই করুন

OTP যাচাই হয়ে গেলে অ্যাপে অপারেটরের নাম এবং ইমেল আইডি দিতে বলা হবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ‘Scan Finger’ অপশনে ক্লিক করুন।

বায়োমেট্রিক যাচাই সফল হলে স্ক্রিনে ‘Device Registration successful’ বার্তা দেখা যাবে। এরপর ‘OK’ বাটনে ক্লিক করে পেনশনভোগীর পরিচয় যাচাইয়ের পর্যায়ে যান।

ধাপ ৪: পেনশনভোগীর আধার ও মোবাইল নম্বর দিন

এবার Pensioner Authentication স্ক্রিনে পেনশনভোগীর আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে। সংশ্লিষ্ট নম্বরে OTP পাঠানো হবে। OTP দিয়ে ‘OK’ বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: পেনশন সংক্রান্ত তথ্য পূরণ করুন

OTP যাচাই হওয়ার পর অ্যাপে পেনশনভোগীর প্রয়োজনীয় তথ্য দিতে বলা হবে। নির্দিষ্ট ঘরগুলিতে বাধ্যতামূলক তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন।

ধাপ ৬: বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ করুন

এরপর অ্যাপের স্ক্রিনে থাকা ছোট ধূসর বক্সে টিক চিহ্ন দিতে হবে। তারপর ‘Scan Finger’ বাটনে ক্লিক করুন। সংযুক্ত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে আঙুল রাখুন। আইরিস স্ক্যানার থাকলে সেটি ব্যবহার করেও বায়োমেট্রিক যাচাই করা যাবে।

ধাপ ৭: তৈরি হবে Digital Life Certificate

বায়োমেট্রিক যাচাই সফল হলে অ্যাপেই তৈরি হওয়া Digital Life Certificate দেখা যাবে। একই সঙ্গে পেনশনভোগীর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি SMS পাঠানো হবে।

সেই বার্তায় থাকবে Jeevan Pramaan Certificate ID, যাকে Pramaan ID-ও বলা হয়। তৈরি হওয়া সার্টিফিকেট Life Certificate Repository-তে অনলাইনে সংরক্ষিত থাকবে। পেনশনভোগী এবং সংশ্লিষ্ট Pension Disbursing Agency প্রয়োজন অনুযায়ী সেটি দেখতে পারবেন।

ধাপ ৮: সার্টিফিকেটের PDF ডাউনলোড করুন

ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হয়ে গেলে Jeevan Pramaan-এর ওয়েবসাইট থেকে তার PDF কপি ডাউনলোড করা যাবে। এজন্য Jeevan Pramaan ID অথবা পেনশনভোগীর আধার নম্বর ব্যবহার করে সার্টিফিকেট খুঁজে নিতে হবে।

বাড়িতে বসেই পেনশন সংক্রান্ত কাজ সহজ

Jeevan Pramaan প্রকল্পের ফলে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য প্রতি বছর ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমেছে। বিশেষ করে প্রবীণ, অসুস্থ এবং চলাফেরায় অসুবিধা রয়েছে এমন পেনশনভোগীদের কাছে এই ডিজিটাল ব্যবস্থা যথেষ্ট সুবিধাজনক। তবে বায়োমেট্রিক ডিভাইস বা প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা না থাকলে অনুমোদিত পরিষেবা কেন্দ্রে গিয়েও ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করানো যায়।

Get your daily dose of tech news and insight.  Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *