‘আমি তো অবাক’, গেমচেঞ্জার পুরস্কারের স্মার্টফোন এক মহিলাকে দিয়ে দিলেন কেএল রাহুল
পুরস্কারের স্মার্টফোন উপহার রাহুলের
ম্যাচের পর পুরস্কার হিসেবে পাওয়া স্মার্টফোনটি এক মহিলা আধিকারিকের হাতে তুলে দেন রাহুল। এমন উপহার পেয়ে স্বাভাবিক ভাবেই অবাক হয়ে যান তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রকাশ করা একটি ভিডিয়োয় ওই আধিকারিককে বলতে শোনা যায়, ‘উনি আমাকে নিজের ফোনটা দিয়ে দিলেন। আমি সত্যিই একটু অবাক হয়ে গিয়েছি। আমাকে ফোনটা উপহার দেওয়াটা ওঁর খুবই ভালো মনের পরিচয়। সত্যি বলতে, এমন কিছু হবে বলে আমি একেবারেই ভাবিনি।’
রাহুলের এই আচরণের প্রশংসা করেছে BCCI-ও। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে, ‘বড় মাপের খেলোয়াড়, তার থেকেও বড় মনের মানুষ। এমন উদারতা এবং নিখাদ ভালো মনই কেএল রাহুলকে বাকিদের থেকে আলাদা করে।’
বৃষ্টিতে রক্ষা, সিরিজ়ে ২-০ এগিয়ে গেল ভারত
এ দিন প্রথমে বল করে নিউ জ়িল্যান্ডকে ৪১ ওভারে ১৩৪ রানে অলআউট করে ভারত। গুরনুর ব্রার ৩০ রানে ৪ উইকেট নিয়ে কেরিয়ারের সেরা বোলিং করেন। ড্যারিল মিচেল করেন ৫৫ রান। অকিব নবি এবং অংশুল কম্বোজ দু’টি করে উইকেট নেন।