অয়েল ইন্ডিয়ার ট্যাঙ্ক ফার্মে অগ্নিকাণ্ডে মৃত ৩, চার আধিকারিক সাসপেন্ড
অয়েল ইন্ডিয়া লিমিটেড-এর ট্যাঙ্ক ফার্মে অগ্নিকাণ্ডে চার আধিকারিককে সাসপেন্ড করলেন কর্তৃপক্ষ।
শুক্রবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। এর পরেই দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সেখানকার চারজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করেছেন অসমের ডিব্রুগড়ের অয়েল ইন্ডিয়ার ট্যাঙ্ক কর্তৃপক্ষ।
শুক্রবার আগুন লাগার পরেই বিস্ফোরণ হয় ডিব্রুগড় জেলার তেঙাখাটে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে। সেখানে একটি ভাল্ব রক্ষণাবেক্ষণের কাজ চলার সময়ে ওই বিস্ফোরণ হয়। সেই দিনই মৃত্যু হয় তাপসজ্যোতি গগৈ নামে এক ইঞ্জিনিয়ারের। ঘটনায় আহত ৬ জনকে ভর্তি করা হয় ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অয়েল ইন্ডিয়ার হাসপাতালে। সেখানেও এক জনের মৃত্যু হয় এক জনের।পরে তাঁদের কয়েক জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গুয়াহাটি। শনিবার গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে মারা যান রূপম গোঁহাই নামে আরও একজন।
কী কারণে ওই দুর্ঘটনা তা তদন্ত করে দেখেন আধিকারিকরা। এর পরেই এই ঘটনায় চার জনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL)-এর মুখপাত্র প্রাণকুশ মল্ল বুজারবরুয়া। যদিও তদন্তে কী জানা গিয়েছে তা নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।
জানা গিয়েছে, এই ঘটনায় যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে তিন জন আধিকারিক। অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL)-এর ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে (ITF) বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ‘সরকারি দায়িত্ব পালনে অবহেলা’-র অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।