আইসিকে ফোনে কুকথা - হুমকি, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দায়ের হল FIR, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

আইসিকে ফোনে কুকথা – হুমকি, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দায়ের হল FIR, বাংলার মুখ

Spread the love

বোলপুর থানার আইসিকে ফোনে আশালীন ভাষায় আক্রমণ করার ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR দায়ের করল বীরভূম জেলা পুলিশ। শুক্রবার বোলপুর থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার অমনদীপ। এর ফলে অনুব্রতর যে বিপদ বাড়ল তাই নয়, স্পষ্ট হয়ে গেল বীরভূমের রাজনীতির সমীকরণ।

শুক্রবার দুপুরে বোলপুর থানায় যান বীরভূূমের পুলিশ সুপার অমনদীপ সিং। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘বোলপুরের আইসি অভিযোগ করেছেন ওনাকে একজন টেলিফোনে মৌখিক হেনস্থা করেছেন। এই ঘটনায় আমরা একটি নির্দিষ্ট FIR দায়ের করেছি। এই ঘটনায় আমরা কঠোর পদক্ষেপ করব। আইনানুগ যা যা পদক্ষেপ করা যায় আমরা সমস্ত পদক্ষেপ করব।’

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি অডিয়ো ক্লিপ। তাতে অনুব্রত মণ্ডলকে অকথ্য ভাষায় গালাগালি করতে শোনা যায় বোলপুর থানার আইসিকে। এমনকী আইসির স্ত্রীকে নিয়ে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করেন তিনি। শুক্রবার সেই অডিয়ো ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এর পরই তৎপরতা বাড়ে পুলিশমহলে। অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চেয়ে নবান্নের কাছে অনুমতি চাওয়া হয়। দুপুরে সেই অনুমতি পৌঁছলে FIR দায়ের হয় কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে।

বলে রাখি, এবারই প্রথম নয়। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশকে বোম মারতে নির্দেশ দিয়ে শিরোনামে এসেছিলেন তৎকালীন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এর পর একাধিকবার অনুব্রতকে প্রকাশ্যে পুলিশকে হুমকি দিতে শোনা গিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। সম্প্রতি অনুব্রতকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে ওই পদটিই তুলে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আর তার পর আইসিকে ফোনে গালাগালি ও হুমকি দেওয়ায় FIR দায়ের হল অনুব্রতর বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *