Kolkata Metro: কালীপুজোয় বাড়তি মেট্রো পরিষেবা, জেনে নিন সবটা | Kolkata metro special services on kali puja 2026 timings and train details for blue green and yellow lines
কলকাতা: কালীপুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। রবিবার (৮ নভেম্বর) ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে বাড়তি পরিষেবা দেওয়া হবে। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। ছুটির দিন হলেও কালীপুজোর জন্য যেমন মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে, তেমনই শেষ মেট্রো ছাড়ার সময়ও বাড়ানো হয়েছে।
ব্লু লাইন-
ব্লু লাইনে রবিবার (৮ নভেম্বর) মোট ১৫২টি মেট্রো চলবে। এর মধ্যে আপ ও ডাউন মিলিয়ে ৭৬টি করে পরিষেবা থাকবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোও ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারগামী শেষ মেট্রোও ছাড়বে রাত ১১টায়।
গ্রিন লাইন-
গ্রিন লাইনে রবিবার (৮ নভেম্বর) মোট ১২৩টি মেট্রো চলবে। আপ লাইনে ৬১টি এবং ডাউন লাইনে ৬২টি পরিষেবা থাকবে। সাধারণ দিনের তুলনায় ১২টি পরিষেবা বাড়ানো হচ্ছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
ইয়েলো লাইন-
ইয়েলো লাইনে রবিবার মোট ৭৮টি মেট্রো চলবে। আপ ও ডাউন লাইনে ৩৯টি করে পরিষেবা থাকবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৪০ মিনিটে। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। জয় হিন্দ বিমানবন্দর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে। ইয়েলো লাইনে পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
বেগুনি ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না। ওই দুই লাইনে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলাচল বন্ধ থাকবে। কালীপুজোর রাতে দর্শনার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ করতেই এই বিশেষ ব্যবস্থা কলকাতা মেট্রোর।