Genuine green crackers: সবুজ হলেই কি Green Crackers? কীভাবে চিনবেন গ্রিন বাজি? | How to identify genuine green crackers diwali buying guide
দীপাবলি মানেই আলোর রোশনাই আর শব্দ ও রঙের উৎসব। তবে আনন্দ উদযাপনের এই সময়ে পরিবেশের কথা মাথায় রেখে জাঁকজমক বজায় রাখতে এখন অনেকেই ঝোঁকেন ‘গ্রিন ক্র্যাকার্স’ বা সবুজ বাজির দিকে। কিন্তু বাজারে যেগুলি সবুজ বাজি বলে বিক্রি হচ্ছে, সেগুলি কি আদতে পরিবেশবান্ধব? শুধু রঙের মোড়ক বা ‘সবুজ’ নাম দেখেই কি তা চিনে নেওয়া সম্ভব? উৎসবের মরসুম আসতেই ক্রেতাদের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে শুরু করেছে। আর এখানেই লুকিয়ে রয়েছে আসল কারচুপি, যা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা।
সবুজ রং বা মোড়ক মানেই কি গ্রিন বাজি?
সবচেয়ে বড় ভুল ধারণা হল, বাজির গায়ে সবুজ রঙের ছবি বা মোড়ক থাকলেই তাকে ‘গ্রিন ক্র্যাকার’ ভেবে নেওয়া। অনেক সময় সাধারণ বাজি প্রস্তুতকারকরা পরিবেশবান্ধব সাজার জন্য সবুজ রঙের মোড়ক ব্যবহার করে ক্রেতাদের ধোঁকা দেন। তাই শুধু প্যাকেটের রং দেখে বাজি কেনা মোটেও নিরাপদ নয়।
আসল গ্রিন বাজি চেনার সহজ উপায়:
১. আসল গ্রিন বাজির বাক্সে একটি নির্দিষ্ট কিউআর কোড দেওয়া থাকে। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে সেই কোড স্ক্যান করলেই সরাসরি CSIR-NEERI-এর পোর্টাল বা ডেটাবেস খুলে যাবে। সেখানে প্রস্তুতকারক সংস্থার নাম এবং বাজির উপাদানের সঠিক বিবরণ চলে আসবে। যদি কোড স্ক্যান না হয় বা ভুল তথ্য দেখায়, তবে বুঝবেন সেটি নকল।
২. বাক্সের গায়ে স্পষ্টভাবে CSIR-NEERI এবং PESO (Petroleum and Explosives Safety Organisation)-এর অনুমোদিত লোগো বা সিলমোহর রয়েছে কি না, তা ভালো করে দেখে নিন।
৩. আসল গ্রিন বাজির প্যাকেটে স্পষ্টভাবে লেখা থাকে যে তাতে বেরিয়াম নাইট্রেট বা অন্য কোনও নিষিদ্ধ ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়নি।
৪. এই বাজিগুলি সাধারণত কম শব্দযুক্ত হয়। প্যাকেটে অনুমোদিত ডেসিবেলের মাত্রা উল্লেখ করা থাকে।
৫.ফুটপাথের হকার বা কোনও অচেনা উৎস থেকে না কিনে সর্বদা লাইসেন্সপ্রাপ্ত ও নির্ভরযোগ্য বাজি বিক্রেতার কাছ থেকেই গ্রিন বাজি কেনা উচিত।
পরিবেশ রক্ষার্থে এবং নিজের ও পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে উৎসবের দিনগুলিতে একটু সচেতন হওয়া জরুরি। সুতরাং, কেনার আগে বাক্স ভালো করে যাচাই করুন, কিউআর কোড স্ক্যান করুন এবং তবেই নিরাপদে দীপাবলির আনন্দ উপভোগ করুন।