এই দীপাবলিতে জীবনে আসুক আরও উন্নতি ও সমৃদ্ধি
এ বিষয়ে সৌমী পাল বলছেন, ‘প্রধান দরজা সব সময়ে পরিষ্কার রাখুন। দরজা দিয়েই মা লক্ষ্মীর আগমন ঘটে। তাই দরজার সামনে সুন্দর আলপনা বা শুভ প্রতীক, যেমন স্বস্তিক রাখতে পারেন।’ একটি নামী কলেজের গেস্ট লেকচারের পদে ছিলেন তিনি। পরবর্তীতে জ্যোতিষচর্চায় মন দেন সৌমী। তাঁর কথায়, আমাদের চারপাশের পরিবেশ এবং ঘরের অন্দরমহল সরাসরি প্রভাব ফেলে আমাদের মানসিক শান্তি, স্বাস্থ্য এবং আর্থিক উন্নতির উপর। তাই কিছু পন্থা অবলম্বন করতেই পারেন সামগ্রিক উন্নতির জন্য। ঘরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং বাতাস প্রবেশ করতে দেওয়া প্রয়োজন। ঘরের ঈশান কোণ দেবস্থান বা পুজোর জন্য সবচেয়ে শুভ। এই স্থানটি পরিষ্কার রাখুন। এখানে কোনও ভারী জিনিস না রাখাই শ্রেয়। দীপাবলির আগে জলে সামান্য নুন মিশিয়ে ঘর মুছতে পারেন। এতে নেগেটিভ এনার্জি দূর হয় বলে মনে করেন অনেকে।