Agnimitra Paul News: 'সিপিএম কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তা ভাষা দেখেই বোঝা যায়', তীব্র আক্রমণ অগ্নিমিত্রার | Agnimitra Paul Slams CPIM Over Alleged Offensive Social Media Post Targeting CM Suvendu Adhikari - 24 Ghanta Bangla News
Home

Agnimitra Paul News: ‘সিপিএম কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তা ভাষা দেখেই বোঝা যায়’, তীব্র আক্রমণ অগ্নিমিত্রার | Agnimitra Paul Slams CPIM Over Alleged Offensive Social Media Post Targeting CM Suvendu Adhikari

Spread the love

আসানসোল: সিপিএমকে (CPIM) ফের এক হাত নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (CM Suvendu Adhikari) উদ্দেশ্য করে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। দলের অফিশিয়াল হ্যান্ডেল ও ফেসবুক পেজ থেকে করা পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে এবার সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করলেন অগ্নিমিত্রা পাল।

কী বললেন অগ্নিমিত্রা?

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, “সিপিএমের অফিসিয়াল হ্যান্ডেল, ফেসবুক পেজ থেকে যে ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে, আমরা খুব অবাক হয়েছি। কোনও মাঠে-ঘাটে বক্তৃতা দিতে গিয়ে মুখ ফসকে কিছু বেরিয়ে গেল, বিষয়টা তেমন নয়। এই ধরনের ভাষা দেখে বোঝা যাচ্ছে, সিপিএম আজ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে।”

মন্ত্রীর মতে, রাজনৈতিক তর্কের ক্ষেত্রে যুক্তি থাকা প্রয়োজন। কিন্তু যুক্তির বদলে যখন এই ধরনের ভাষা ব্যবহার করতে হয়, তখন তা অত্যন্ত হতাশাজনক। তাঁর বক্তব্য, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। এর মধ্যেই রাজ্যে একাধিক কাজ হচ্ছে। সরকারের কাজের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠতে না পেরেই এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে। অগ্নিমিত্রা বলেন, “মুখ্যমন্ত্রীর বিষয় বলতে গেলে মাত্র ছয় মাস আমাদের সরকারের। সেখানে এত কাজ হচ্ছে সেখানে সেই ভালো কাজের সামনে কেউ প্রতিযোগিতা করতে পারে না, যখন তাঁর পায়ের তলা থেকে সব মাটি সরে যাচ্ছে, বাংলার মানুষ একদম তাঁদের প্রত্যাখ্যান করেছেন, তখন অফিশিয়াল পেজ থেকে এই ধরনের ভাষায় পোস্ট করে।”

 সিপিএম-কে কটাক্ষ

অগ্নিমিত্রার কথায়, “এর বিচার তো বাংলার মানুষ করেছেন। তবে আমরা যথেষ্ট হতবাক। রাজনৈতিক শিক্ষা আর এই সিপিএম পার্টির থেকে নেওয়ার নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *