মৌচাক কেমন হয়? দেখাবে যুবকবৃন্দ - 24 Ghanta Bangla News
Home

মৌচাক কেমন হয়? দেখাবে যুবকবৃন্দ

Spread the love

এই সময়, মালবাজার: মৌমাছি শুধু মধু সংগ্রহ করে না। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাস্তুতন্ত্রের সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বার্তাকেই পুজোর থিমে তুলে ধরেছে মালবাজার শহরের কলোনি যুবকবৃন্দ। থিম নামকরণ করা হয়েছে ‘মৌ রক্ষা, প্রাণ রক্ষা’।

বয়সে নবীন হলেও অল্প সময়ের মধ্যেই মালবাজারের উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে জায়গা করে নিয়েছে এই পুজো। কলোনি ময়দানে তৈরি হচ্ছে মৌচাকের আদলে অভিনব মণ্ডপ। বাইরে থাকবে বড়সড় মৌচাকের ভাণ্ডারের রূপ, আর ভিতরে দেখা যাবে অসংখ্য ছোট ছোট মৌচাক, রানি ও শ্রমিক মৌমাছির জীবনযাত্রার। মৌচাকের সামনে গেলে শোনা যাবে গুনগুন শব্দ। সত্যি মৌমাছির নয়, রেকর্ডেড!

কলোনি যুবকবৃন্দের পুজো কমিটির সম্পাদক বিক্রম দাস নিজেই ডুয়ার্সের উল্লেখযোগ্য ডেকোরেটারদের একজন। তাঁর তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে মণ্ডপ। বিক্রম বলেন, ‘মণ্ডপে ঢুকলে যাতে মনে হয় মৌচাকে এসে পড়েছি, এমন ফিল তৈরি করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৌমাছির চাকের সামনে তৈরি হওয়া গুঞ্জনের শব্দও রেকর্ড করে মণ্ডপের ভিতরে বাজানো হবে।’

নজর কাড়বে মানানসই প্রতিমা। সভাপতি রাজেশ আগরওয়াল ও কোষাধ্যক্ষ শুভজিৎ ঘোষ বলেন, ‘আমাদের প্রতিমাতেও থাকবে থিমের ছোঁয়া। মৌমাছির ভ্রমর থেকে সৃষ্ট দেবীর কল্পনায় প্রতিমায় ফুটে উঠবে ভ্রামরী দেবীর আদল।’ পুজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাব সম্পাদক রাজীব সরকার বলেন, ‘সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হচ্ছে। কালীপুজোর পরে এক সন্ধ্যায় বাউল সঙ্গীতের পাশাপাশি পরিবেশিত হবে স্থানীয় শিল্পীদের নানা অনুষ্ঠান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *