কালীপুজোয় রবিবার সকাল ৮টা থেকে মেট্রো, রাতেও বাড়তি পরিষেবা

কলকাতা: কালীপুজোয় দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার জন্য রবিবার মেট্রো (Kolkata Metro) পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অন্যান্য…
কলকাতা: কালীপুজোয় দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার জন্য রবিবার মেট্রো (Kolkata Metro) পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অন্যান্য রবিবারের তুলনায় এ দিন সকালে আগেই শুরু হবে ট্রেন চলাচল। পাশাপাশি রাতেও মিলবে অতিরিক্ত সময় পর্যন্ত পরিষেবা। ব্লু লাইন ও গ্রিন লাইনে এই পরিবর্তন করা হয়েছে।
ব্লু লাইনে প্রথম ও শেষ ট্রেনের সময়
ব্লু লাইনে নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকেও প্রথম ট্রেন পাওয়া যাবে সকাল ৮টায়। সাধারণত অন্যান্য রবিবার এই স্টেশনগুলি থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৯টায়।
রাতের পরিষেবার ক্ষেত্রেও সময় বাড়ানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারের শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। একই সময়ে অর্থাৎ রাত ১১টায় শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমারের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে।
গ্রিন লাইনেও বাড়ছে পরিষেবার সময়
গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে।
রাতের শেষ পরিষেবাও বাড়ানো হয়েছে। দুই প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়।
তবে ইয়েলো লাইনে মেট্রো চলাচলের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। অন্যদিকে, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ওই দিনও স্বাভাবিক নিয়ম অনুযায়ী মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
কালীপুজোয় দক্ষিণেশ্বর ও কালীঘাটে ভক্তদের ভিড় বাড়ার কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা। সকালে আগে মেট্রো চালু হওয়ায় এবং রাতে পরিষেবার সময় বাড়ায় পুজো দিতে যাওয়া মানুষের যাতায়াতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.