আলোর উৎসবে অন্তরের আলো, প্রশ্ন সৌন্দর্যের সংজ্ঞা নিয়ে
তরুণিমা বন্দ্যোপাধ্যায়
তরুণিমা পেশায় বিউটি এক্সপার্ট, নিজস্ব বিউটি ব্র্যান্ড রয়েছে। তাঁর কথায়, ‘আমার কাছে দীপাবলি মানে শুধু বাইরে প্রদীপ জ্বালানো নয়, নিজের অন্তরের অন্ধকারকে বলি দেওয়া। নিজের ভয়, হীনম্মন্যতা, আত্মবিশ্বাসের অভাব, সংকীর্ণতা এবং সমাজের চাপিয়ে দেওয়া ধারণাগুলোকে বিসর্জন দিয়ে নিজের প্রকৃত শক্তির প্রকাশ ঘটানোই আমার কাছে দীপাবলির আসল অর্থ। ব্যক্তিগত জীবনে বডি শেমিং–এর মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে যখন আমার ওজন বেড়ে গিয়েছিল, তখন শারীরিক গঠন নিয়ে অনেক কটাক্ষ ও বিচার সহ্য করতে হয়েছে। আমরা মা কালীর আরাধনা করি, তাঁর অসীম শক্তি, রূপ ও মহিমার সামনে মাথা নত করি। অথচ বাস্তব জীবনে একজন শ্যামবর্ণ মানুষকে আমরা অবহেলা করি, একজন স্থূলকায় মানুষকে দেখে হাসাহাসি করি। আমার মনে হয়, এটাই সমাজের সবচেয়ে বড় দ্বিচারিতা। তাই এই দীপাবলিতে বলতে চাই, নিজের ভিতরের আলোকে চিনুন এবং অন্যের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মা কালী আমার কাছে শুধু অশুভ বিনাশের প্রতীক নন, তিনি মনের অন্ধাকারেরও বিনাশিনী।’