Ramayana Movie: ‘রণবীর রামকে ছুঁয়ে এসেছে…’, পর্দায় জামাইকে দেখে কেঁদে ফেললেন মহেশ ভাট | Mahesh bhatt gets emotional watching ranbir kapoor in ramayan alia bhatt post
পরিচালক নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’ (Ramayan) বড় পর্দায় মুক্তির পর থেকেই চারদিকে সাড়া ফেলে দিয়েছে। ছবির প্রতিটি দৃশ্য, চরিত্রায়ণ এবং তারকাদের অভিনয় দর্শকদের মনে গভীর দাগ কাটছে। আর এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ রণবীর কাপুরের অভিনয়। পর্দায় রামের ভূমিকায় রণবীরের রূপায়ন দেখে শুধু সাধারণ দর্শকই নন, মুগ্ধ খোদ অভিনেতার শ্বশুরমশাই তথা প্রবীণ নির্মাতা মহেশ ভাটও। ছবিটি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি যে, নিজের চোখের জল আর ধরে রাখতে পারেননি।
সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে মহেশ ভাট জানান, ছবির একটি দৃশ্যে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। তাঁর কথায়, “বিরতির ঠিক আগের মুহূর্তে যখন রামকে ১৪ বছরের জন্য বনবাসে পাঠানো হল, তখন আমার গলাটা যেন কান্নায় বন্ধ হয়ে আসছিল। আমি না কাঁদার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। ইন্টারভ্যাল হতেই আলো জ্বলে উঠল এবং আমি চোখের জল লুকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আসলে অসাধারণ সিনেমা মানুষকে নির্বাক করে দেয়, বেশি কিছু বলার মতো অবস্থাও থাকে না।”
পরিচালক নিতেশ তিওয়ারির কাজের ভূয়সী প্রশংসা করে মহেশ ভাট বলেন, রাম ও রাবণের চরিত্রের সংবেদনশীল ও নিখুঁত চিত্রায়ন করেছেন পরিচালক। পাশাপাশি রাবণ চরিত্রে দক্ষিণী সুপারস্টার যশের অভিনয় এবং রণবীর কাপুরের রূপ নিয়েও খোলখুলি কথা বলেন তিনি। মহেশের মতে, রণবীর এই ছবিতে তাঁর কেরিয়ারের এমন এক অভিনব দিক ফুটিয়ে তুলেছেন যা এর আগে তাঁর অন্য কোনও ছবিতে দেখা যায়নি।
অভিনেতার প্রশংসায় প্রবীণ পরিচালক বলেন, “যখন রাম চরিত্রটি পর্দায় প্রবেশ করল, তখন সে সোজা ক্যামেরার দিকে হেঁটে এসে হাত জোড় করল। আমি দেখলাম, সে তার ভেতরের এমন এক গভীর জায়গাকে স্পর্শ করেছে যা এর আগে অন্য কোনও পরিচালক তাঁর থেকে বের করে আনেননি। আমার মনে হয়েছে, সে তার ভেতরের ঈশ্বরকে স্পর্শ করেছে।” এছাড়া ছবিতে অরুণ গোভিলের অভিনয়কে ‘হৃদয়বিদারকভাবে পরিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন তিনি।
এদিকে, স্বামীর এই বিশাল সাফল্য ও নিষ্ঠা দেখে চুপ থাকতে পারেননি আলিয়া ভাটও। গত বৃহস্পতিবার ‘রামায়ণ’-এর সেট থেকে তাঁদের কন্যা রাহার একটি মিষ্টি ছবি শেয়ার করে রণবীরের উদ্দেশে একটি আবেগঘন বার্তা লেখেন আলিয়া। তিনি লেখেন, “তুমি এই ছবিটির জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছ এবং তারপরেও তোমার মধ্যে কাজের প্রতি সেই একই ভালোবাসা অবশিষ্ট রয়েছে। রণবীর, তোমার জন্য এবং এই অবিশ্বাস্য সিনেমা তৈরির পেছনে যারা নিজেদের হৃদয় ও আত্মা ঢেলে দিয়েছেন, আমি তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গর্বিত। কিছু গল্প আমাদের সকলের চেয়েও বড় হয়, আর ‘রামায়ণ’ তার মধ্যে অন্যতম।”
উল্লেখ্য, নিতেশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের এই চলচ্চিত্রে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর ছাড়াও সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। এছাড়া এই তারকাখচিত বিশাল কাস্টে অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয় ও কাজল আগরওয়ালের মতো অভিনেতারা রয়েছেন। ছবির প্রথম পর্ব দারুণ সাড়া ফেলার পর থেকেই দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।