কানে কম শুনলেও মিলবে সাহায্য, Galaxy Buds-এ আসছে Hearing Aid

মুম্বই: কানে কম শোনার সমস্যা রয়েছে? এবার Samsung Galaxy Buds-ই হয়ে উঠতে পারে শ্রবণ সহায়ক ডিভাইস। সংস্থার তরফে জানানো হয়েছে, Galaxy Buds-এর হিয়ারিং এইড সংক্রান্ত…
মুম্বই: কানে কম শোনার সমস্যা রয়েছে? এবার Samsung Galaxy Buds-ই হয়ে উঠতে পারে শ্রবণ সহায়ক ডিভাইস। সংস্থার তরফে জানানো হয়েছে, Galaxy Buds-এর হিয়ারিং এইড সংক্রান্ত দুটি ফিচার ব্যবহারের জন্য দক্ষিণ কোরিয়ার Ministry of Food and Drug Safety (MFDS)-এর অনুমোদন পেয়েছে তারা। এর আগে আমেরিকার Food and Drug Administration (FDA)-এর অনুমোদনও পেয়েছিল এই প্রযুক্তি।
Samsung জানিয়েছে, আগামী বছরের শুরুতে দক্ষিণ কোরিয়া থেকে এই ফিচারগুলির সফটওয়্যার আপডেট দেওয়া শুরু হবে। প্রথম পর্যায়ে Galaxy Buds 4 Pro এবং Galaxy Buds 3 Pro-তে সুবিধাগুলি পাওয়া যাবে। পরবর্তী সময়ে অন্যান্য দেশেও এই পরিষেবা চালু হতে পারে। তবে দক্ষিণ কোরিয়ার বাইরে কবে থেকে ফিচারগুলি পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানায়নি সংস্থা।
কোন দুটি নতুন ফিচার পাওয়া যাবে?
Samsung-এর নতুন ব্যবস্থায় থাকছে ‘Hearing Test’ এবং ‘Hearing Aid’। এই দুই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের শ্রবণক্ষমতা পরীক্ষা করতে পারবেন এবং পরীক্ষার ফল অনুযায়ী প্রয়োজনীয় শব্দ আরও স্পষ্টভাবে শুনতে পারবেন।
Hearing Test: এই ফিচারের মাধ্যমে Galaxy Buds ব্যবহার করেই শ্রবণক্ষমতা পরীক্ষা করা যাবে। পরীক্ষার সময় বিভিন্ন কম্পাঙ্কের একক শব্দ বা টোন শোনানো হবে। ব্যবহারকারীর প্রতিক্রিয়ার ভিত্তিতে তৈরি হবে একটি Audiogram। এর মাধ্যমে কোন ধরনের শব্দ শুনতে অসুবিধা হচ্ছে, তা বোঝা যাবে।
Samsung-এর দাবি, এই পরীক্ষার ফল অনুযায়ী ব্যবহারকারীকে শ্রবণক্ষমতার সাতটি স্তরের মধ্যে একটি শ্রেণিতে রাখা হবে। সেগুলি হল Normal, Slight, Mild, Moderate, Moderately Severe, Severe এবং Profound।
Hearing Aid: শ্রবণক্ষমতা পরীক্ষার ফল ব্যবহার করে এই ফিচারটি প্রয়োজনীয় শব্দের মাত্রা বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ, যে ধরনের শব্দ শুনতে ব্যবহারকারীর অসুবিধা হয়, সেগুলি আরও স্পষ্ট করে তোলার চেষ্টা করবে Galaxy Buds।
চিকিৎসা-স্বীকৃত প্রযুক্তি ব্যবহারের দাবি Samsung-এর
Samsung জানিয়েছে, তাদের Hearing Aid ব্যবস্থায় NAL-NL2 fitting formula ব্যবহার করা হয়েছে। প্রেসক্রিপশন-ভিত্তিক হিয়ারিং এইডের ক্ষেত্রে এই ফর্মুলা একটি স্বীকৃত ক্লিনিক্যাল মানদণ্ড হিসেবে পরিচিত।
এই প্রযুক্তি তৈরিতে National Acoustic Laboratories এবং Samsung Medical Centre-এর সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি Vanderbilt University Medical Centre, San Jose State University এবং University of Memphis-এ ক্লিনিক্যাল গবেষণাও করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
কবে পাওয়া যাবে নতুন সুবিধা?
Samsung-এর ঘোষণা অনুযায়ী, আগামী বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় Galaxy Buds 4 Pro এবং Buds 3 Pro-তে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিচার দুটি চালু হবে। আমেরিকায় FDA-র অনুমোদন আগে থেকেই থাকায় সেখানেও পরিষেবাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মার্কিন বাজারের জন্য কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, এই ফিচারগুলি চালু হলেও Galaxy Buds-কে সব ধরনের চিকিৎসাগত হিয়ারিং এইডের বিকল্প হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। শ্রবণক্ষমতার সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel