ঝাড়খণ্ডের খুঁটিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যু - 24 Ghanta Bangla News
Home

ঝাড়খণ্ডের খুঁটিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যু

Spread the love

ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাত জনের। বৃহস্পতিবার রাতে কাররা-তোরপা মেন রোডে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাররা-তোরপা মেন রোডে পোড়া এলাকার কাছে জোনে-লুডরু বাঁকের মুখে রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। তার কিছুক্ষণ আগে এক স্কুটিচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের কালভার্টের পাশের ঝোপে পড়ে যান। তাঁকে বাঁচাতে জোনে-লুডরু এলাকার বেশ কয়েকজন মহিলা ও শিশু দৌড়ে যান। কালভার্টের পাশের ঝোপ থেকে স্কুটিচালককে টেনে তেলার চেষ্টা করছিলেন মহিলারা। রাস্তার ধারে দাঁড়িয়েছিল শিশুরা। সেই সময় তোরপা থেকে কাররাগামী ১৮ চাকার দ্রুতগতির একটি ট্রাক মহিলা ও শিশুদের চাপা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাকের চালক নেশা করেছিলেন। তিনি ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে না পেরে মহিলা ও শিশুদের চাপা দেন।

কাররা থানার পুলিশ জানায়, ট্রাকের চালক তোরপা থেকে অত্যধিক গতিতে গাড়ি চালাচ্ছিলেন। রাস্তার বাঁকের মুখে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মহিলা ও শিশুরা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন বুঝতে পেরে চালক ও খালাসি গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

খুঁটি জেলার পুলিশ সুপার জানান, ঘটনাস্থলেই ছয় জন মারা যান। তাঁদের নাম পাকো দেবী, কাশিলা দেবী, মানহু দোবী, গোলু কুমার, অঞ্জলি কুমারী, তুতি কুমারী। খুঁটি সদর হাসপাতালে রাত সওয়া ১১টা নাগাদ গুরুতর জখম ১২ বছর বয়সি সৌরভ নায়েক মারা যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার জেরে কাররা-তোরপা মেন রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বেশি রাতে স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *