প্রতিটি থানায় বাইক টিম! Dial 112-তে ফোন করলেই দ্রুত পৌঁছবে পুলিশ

কলকাতা: জরুরি পরিস্থিতিতে Dial 112-তে ফোন করার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের (Kolkata Police)। শহরের প্রতিটি থানায় অন্তত দু’টি মোটরবাইক…
কলকাতা: জরুরি পরিস্থিতিতে Dial 112-তে ফোন করার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের (Kolkata Police)। শহরের প্রতিটি থানায় অন্তত দু’টি মোটরবাইক টহলদারি দল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। পাশাপাশি প্রতিটি থানায় নির্দিষ্ট বাইক পেট্রল ইউনিট গড়ে তোলার উপরেও জোর দেওয়া হয়েছে।
লালবাজারের নির্দেশিকায় বলা হয়েছে, কোনও অপরাধ বা জরুরি পরিস্থিতির খবর পাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কন্ট্রোল রুম থেকে থানায় বার্তা পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ডিউটি অফিসার ও ডেস্কের দায়িত্বে থাকা কর্মীরা বাইক পেট্রল টিমকে সতর্ক করবেন। এরপর যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছতে হবে সংশ্লিষ্ট দলকে।
প্রথমে ঘটনাস্থলে পৌঁছবে বাইক পেট্রল টিম
নতুন ব্যবস্থায় প্রথমে যে বাইক টিম ঘটনাস্থলে পৌঁছবে, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উত্তেজনা প্রশমিত করাই হবে তাদের প্রাথমিক দায়িত্ব।
তবে ঘটনাটি বড় ধরনের অপরাধ বা গুরুতর বিশৃঙ্খলার হলে দ্রুত থানার পদস্থ আধিকারিকদের জানাতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হবে।
প্রতিটি থানায় থাকবে দ্বিতীয় ব্যাকআপ টিম
শহরের সব এলাকায় যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয়, সেজন্য প্রতিটি থানায় দ্বিতীয় একটি মোটরবাইক টিমও প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিশেষ করে যাদবপুর, বেহালা এবং ভাঙড় ডিভিশনের বিস্তীর্ণ এলাকার মতো জায়গায় এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ প্রশাসন।
কোনও একটি বাইক টিম যদি একটি জরুরি পরিস্থিতি সামলাতে ব্যস্ত থাকে, সেই সময় অন্য কোনও জায়গা থেকে নতুন বিপদের খবর এলে দ্বিতীয় দলটিকে সেখানে পাঠানো হবে। এই ব্যাকআপ টিমের জন্য নতুন মোটরবাইকও দেওয়া হয়েছে।
যানজট এড়াতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়
জরুরি পরিষেবায় শহরের যানজট যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য ট্রাফিক বিভাগের সঙ্গেও সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে।
কোনও বাইক পেট্রল টিম ঘটনাস্থলে যাওয়ার পথে তীব্র যানজটে আটকে পড়লে সংশ্লিষ্ট থানা সঙ্গে সঙ্গে ট্রাফিক কন্ট্রোল রুম এবং স্থানীয় ট্রাফিক গার্ডকে জানাবে। এরপর ট্রাফিক পুলিশ প্রয়োজন অনুযায়ী সামনের রাস্তা ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা করবে।
কলকাতা পুলিশের লক্ষ্য, Dial 112-তে জরুরি ফোন পাওয়ার পর যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছনো এবং প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। নতুন নির্দেশ কার্যকর হলে শহরের বিভিন্ন প্রান্তে জরুরি পুলিশি পরিষেবার গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.