Supreme Court News: 'আপনি ভুল নম্বর ডায়াল করেছেন', ST-SC সংরক্ষণ মামলায় বলল সুপ্রিম কোর্ট | Supreme court rejects plea on sc st reservation of parliament seats - 24 Ghanta Bangla News
Home

Supreme Court News: ‘আপনি ভুল নম্বর ডায়াল করেছেন’, ST-SC সংরক্ষণ মামলায় বলল সুপ্রিম কোর্ট | Supreme court rejects plea on sc st reservation of parliament seats

Spread the love

নয়াদিল্লি: লোকসভা ও রাজ্য বিধানসভার তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) সংরক্ষিত আসন নির্দিষ্ট সময় অন্তর বদলানোর বা রোটেশন করার দাবি উঠেছিল। সেই দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের স্পষ্ট বক্তব্য, সংরক্ষিত আসন ঘুরিয়ে-ফিরিয়ে নির্ধারণ করা হবে কি না, তা সম্পূর্ণভাবে সংসদের সিদ্ধান্তের বিষয়। এই বিষয়ে আদালত সংসদকে কোনও আইন তৈরি করার নির্দেশ দিতে পারে না। একই সঙ্গে, ২০০২ সালের ডিলিমিটেশন আইনের ৯ (১)(সি) ধারার সাংবিধানিক বৈধতাও বহাল রেখেছে শীর্ষ আদালত।

মামলার ব্যাকগ্রাউন্ড

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। মামলাকারীর দাবি ছিল, লোকসভা ও বিধানসভার SC/ST সংরক্ষিত আসনগুলি যাতে নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন আনা উচিত। অর্থাৎ, কোনও একটি কেন্দ্রকে বছরের পর বছর সংরক্ষিত না রেখে পর্যায়ক্রমে অন্য কেন্দ্রগুলিকেও সংরক্ষণের আওতায় আনা প্রয়োজন।

মামলাকারী জগদীশ সিং। তিনি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার ১৯১ নম্বর কাদিপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। তাঁর অভিযোগ, কেন্দ্রটি তৈরি হওয়ার পর থেকে প্রায় সাত দশক ধরে তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে। ফলে সাধারণ শ্রেণির প্রার্থীরা ওই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন না। তাঁর বক্তব্য, এভাবে দীর্ঘদিন ধরে একটি কেন্দ্রকে সংরক্ষিত রাখার জন্য সংবিধানের ১৪, ১৫ ও ১৯ নম্বর অনুচ্ছেদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

আবেদনকারীর আরও, পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের ক্ষেত্রে সংরক্ষিত আসন ঘুরিয়ে-ফিরিয়ে নির্ধারণের ব্যবস্থা রয়েছে। সংবিধানের ২৪৩ডি এবং ২৪৩টি অনুচ্ছেদে সেই অধিকার দিয়েছে। তাহলে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হবে না কেন?

বিচারপতিরা কী বলেছেন?

মামলাকারীর এই যুক্তিতে সায় দেয়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী শুনানিতে বলেন, “বহুদলীয় গণতন্ত্রে ভোটাররা কোনও প্রার্থীর জাতি বা ধর্মের ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক দলের আদর্শ ও নীতির ভিত্তিতে ভোট দেবেন, এমনটাই প্রত্যাশিত। কোনও নির্দিষ্ট এলাকায় SC/ST জনসংখ্যা বেশি বলে সেই কেন্দ্র সংরক্ষিত রাখা হচ্ছে। তা থেকেই যে জাতপাতের বিভাজন তৈরি হচ্ছে। এমন সিদ্ধান্তে পৌঁছনো যায় না।”

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনি ভুল নম্বর ডায়াল করেছেন।” তাঁর বক্তব্য, সংরক্ষিত আসনে রোটেশন চালু করতে হলে সংসদের কাছেই আবেদন জানাতে হবে। আদালতের পক্ষে আইন পরিবর্তন করে নতুন নিয়ম চালু করা সম্ভব নয়।

আদালত আরও জানায়, সংবিধানের ৩৩০ ও ৩৩২ নম্বর অনুচ্ছেদে লোকসভা ও বিধানসভায় SC/ST-দের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু কোন পদ্ধতিতে সেই আসনগুলি নির্ধারণ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশ নেই। সেই পদ্ধতি ঠিক করার ক্ষমতা সংসদের হাতে রয়েছে।

২০০২ সালের ডিলিমিটেশন আইনের ৯(১)(সি) ধারা অনুযায়ী, যে সমস্ত এলাকায় SC/ST জনসংখ্যার অনুপাত তুলনামূলক বেশি, সেই এলাকাগুলিকেই সংরক্ষিত কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। এই আইনের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন আবেদনকারী।

এর আগে এলাহাবাদ হাইকোর্টও এই আইনকে বৈধ বলে জানিয়ে সংরক্ষিত আসনে রোটেশন চালুর নির্দেশ দিতে অস্বীকার করেছিল। সুপ্রিম কোর্টও সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনও কারণ খুঁজে পায়নি।

শীর্ষ আদালতের নির্দেশ, এই বিষয়ে আইন পরিবর্তনের দাবি জানাতে চাইলে আবেদনকারী জনপ্রতিনিধিদের কাছে যেতে পারেন। সংসদে এ নিয়ে মতামত তৈরির চেষ্টা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *