Kanika Kapoor: চার বছরেই ভাঙল স্বপ্নের সংসার, বিচ্ছেদের ঘোষণা করলেন ‘বেবি ডল’ গায়িকা কণিকা কাপুর | Kanika kapoor and husband gautam thapar announces separation after 4 years of marriage
বছর চারেক আগের কথা। লন্ডনের বুকে জমকালো আয়োজনে ব্যবসায়ী গৌতম হাথিরামানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘বেবি ডল’ খ্যাত জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। অনুরাগীদের চোখে যা ছিল রূপকথার মতো এক বিয়ে। কিন্তু সেই সম্পর্কে এবার ছেদ পড়ল। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আলাদা হওয়ার কথা ঘোষণা করলেন গায়িকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছেন কণিকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে গায়িকা লিখেছেন, “প্রিয় বন্ধু ও পরিবার, অনেক ভাবনাচিন্তা ও বিচার-বিবেচনার পর আমি এবং আমার স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সমস্ত সুন্দর সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনের জন্য তাঁর প্রতি আমার অন্তহীন শুভকামনা রইল। এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং একটু সহানুভূতিশীল থাকুন।”
কণিকা ও গৌতমের সম্পর্কের ইতিহাস বেশ দীর্ঘ। বিয়ের বহু আগে থেকেই তাঁদের পরিচয় ছিল, যা প্রায় ১৫ বছরেরও বেশি পুরনো। প্রথমে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও পরে তা ভালোবাসায় রূপ নেয়। ২০১৪ সাল নাগাদ কণিকাকে প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গৌতম। সেসময় তিনি রাজি না হলেও, ২০২০ সালে ফের অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন গৌতম। বারবার এমন ভালোবাসার ছোঁয়া পেয়ে অবশেষে গায়িকাও তাঁর প্রেমে সাড়া দেন। অতীতে এক সাক্ষাৎকারে কণিকা নিজেই জানিয়েছিলেন, শুধু গৌতম নন, তাঁর গোটা পরিবারও তাঁকে আপন করে নিয়েছে এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। তিন সন্তানের জননী কণিকা অবশেষে ২০২২ সালে লন্ডনে মহাসমারোহে গৌতমের সঙ্গে ঘর বাঁধেন। কিন্তু শেষরক্ষা হল না, ৪ বছরের মাথায় ভেঙে গেল সেই সংসার।
উল্লেখ্য, এটি কণিকার জীবনের দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে মাত্র ১৮ বছর বয়সে, ১৯৯৮ সালে এক ব্যবসায়ীকে বিয়ে করে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। সেই সংসারে তাঁর তিন সন্তানও রয়েছে। এরপর দীর্ঘ সংগ্রাম পেরিয়ে ২০১২ সালে গানের দুনিয়ায় পা রাখেন কণিকা। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেবি ডল’ গানটি তাঁকে রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে দেয়। আজও সংগীতপ্রেমীদের কাছে তিনি ‘বেবি ডল’ গায়িকা হিসেবেই সমাদৃত। কেরিয়ারের নানা চড়াই-উতরাই পেরিয়ে ব্যক্তিগত জীবনে ফের একবার একা হয়ে গেলেন এই জনপ্রিয় শিল্পী।