DM ও গ্রুপ চ্যাট নিয়ে Instagram-কে টক্কর দিতে YouTube-এর Tamba?

মুম্বই: YouTube কি এবার Instagram-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চলেছে? এমনই ইঙ্গিত মিলেছে সংস্থার নতুন একটি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ নিয়ে। Tamba নামে একটি অ্যাপ তৈরির…
মুম্বই: YouTube কি এবার Instagram-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চলেছে? এমনই ইঙ্গিত মিলেছে সংস্থার নতুন একটি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ নিয়ে। Tamba নামে একটি অ্যাপ তৈরির কাজ করছে Google-এর মালিকানাধীন YouTube, এমনই দাবি প্রযুক্তি বিষয়ক রিপোর্টে। অ্যাপটিতে ইউজার প্রোফাইল, ফলোয়ার, ডাইরেক্ট মেসেজ এবং গ্রুপ চ্যাটের মতো একাধিক সোশ্যাল মিডিয়া ফিচার্স থাকতে পারে। যদিও Google এখনও আনুষ্ঠানিকভাবে Tamba-র কথা ঘোষণা করেনি।
Android Authority-র প্রতিবেদন অনুযায়ী, YouTube-এর Android অ্যাপের 21.44.534 সংস্করণের কোড বিশ্লেষণ করে Tamba-র উল্লেখ পাওয়া গিয়েছে। সেখানেই অ্যাপটির লোগো এবং একাধিক সম্ভাব্য ফিচার্সের আইকন খুঁজে পেয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
Instagram-এর মতো হতে পারে Tamba-র ডিজাইন
রিপোর্ট অনুযায়ী, YouTube অ্যাপের কোডে yt_sandbox_topbar_logo_white নামে একটি লোগো ফাইল রয়েছে। সেখানে মোটা অক্ষরে Tamba লেখা এবং তার পাশে আঁকিবুঁকির মতো একটি নকশা দেখা গিয়েছে। ওই নকশার মাঝখানে রয়েছে Play Button-এর আকৃতি।
এ ছাড়া yt_fill_experimental_youtube_sandbox নামে একটি পৃথক আইকনও পাওয়া গিয়েছে, যা ভবিষ্যতে Tamba-র অ্যাপ আইকন হিসেবে ব্যবহার হতে পারে। অ্যাপের কোডে আরও কয়েকটি স্কেচের মতো আইকনের উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে Home, Search, Create, Camera, Inbox, Chat, Stickers, Microphone এবং নতুন ব্যক্তিকে যুক্ত করার আইকন।
এ ছাড়াও Crown, Lock, Locked Bookmark এবং Game Controller-এর মতো আইকনের উল্লেখ পাওয়া গিয়েছে। এই ধরনের নেভিগেশন ও ফিচার্সের বিন্যাস Instagram-এর কথা মনে করিয়ে দেয়।
DM, গ্রুপ চ্যাট ও Shorts শেয়ারের সুবিধা
Tamba-র কোডে সোশ্যাল নেটওয়ার্কিং সংক্রান্ত একাধিক নোটিফিকেশনের উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে অন্য অ্যাকাউন্টকে ফলো করা, ফলো রিকোয়েস্ট, প্রাইভেট প্রোফাইল, ব্যক্তিগত মেসেজ এবং গ্রুপ চ্যাট।
পাশাপাশি পোস্টে Reaction, Comment ও Reply করার সুবিধাও থাকতে পারে। এমনকি Voice Reply এবং YouTube Shorts শেয়ারের বিকল্পও যুক্ত হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয়, Tamba-র চ্যাটের মধ্যেই Shorts ভিডিও চালানোর সুবিধা থাকতে পারে। অ্যাপের নিচের নেভিগেশন বার থেকেও Shorts দেখার ব্যবস্থা থাকতে পারে বলে কোডের ইঙ্গিত।
Android ও iOS, দুই প্ল্যাটফর্মেই আসতে পারে
প্রতিবেদনে বলা হয়েছে, Tamba-র লোগোর সঙ্গে com.google.android.youtube.sandbox নামের একটি প্যাকেজ যুক্ত রয়েছে। পাশাপাশি অ্যাপের কোডে ANDROID_SANDBOX এবং IOS_SANDBOX নামে দুটি পৃথক আইডেন্টিফায়ারের উল্লেখ পাওয়া গিয়েছে। এর ফলে Android ও iOS, দুই প্ল্যাটফর্মের জন্যই অ্যাপটি তৈরির পরিকল্পনা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
তবে Tamba আদৌ সাধারণ ব্যবহারকারীদের জন্য আলাদা অ্যাপ হিসেবে প্রকাশ করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এটি পরীক্ষামূলক একটি প্ল্যাটফর্মও হতে পারে। সেই ক্ষেত্রে নতুন সোশ্যাল মিডিয়া ফিচার্স প্রথমে Tamba-তে পরীক্ষা করে পরে YouTube-এর মূল অ্যাপে যুক্ত করতে পারে Google।
এখনও পর্যন্ত Google বা YouTube-এর তরফে Tamba নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে অ্যাপটির লঞ্চের সময়, চূড়ান্ত ফিচার্স কিংবা ব্যবহারকারীদের জন্য কবে উপলব্ধ হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel