Donald Trump: ‘ব্যালটে যদি আমার নাম থাকত…’, ভোটে হেরে কার ঘাড়ে দোষ চাপালেন ট্রাম্প? | US President Donald Trump Blames Fake Republican & News for Mid Term Election Loose
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
ওয়াশিংটন: আর অস্বীকার করতে পারলেন না। মধ্যবর্তী নির্বাচনে হার মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নির্বাচনে হারের জন্য ভুয়ো রিপাবলিকান ও ফক্স নিউজকে দোষারোপ করলেন ট্রাম্প।
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী হয়নি। সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ- দুই জায়গাতেই জিতেছেন ডেমোক্র্যাটরা। ২০২৭ সালের জানুয়ারি থেকে কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যাবে। এর ফলে ট্রাম্প প্রেসিডেন্ট থাকলেও, তাঁর প্রশাসনের উপর কংগ্রেসের নজরদারি ও নিয়ন্ত্রণ অনেক বেড়ে যাবে। ক্রমবর্ধমান খরচ, শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ নিয়ে অসন্তোষের প্রভাব পড়েছে রিপাবলিকানদের ভোটব্যাঙ্কে।
ট্রাম্পের প্রতিক্রিয়া-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার স্বীকার করে বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনে তাদের হারের ক্ষেত্রে ইরানের যুদ্ধ এবং জ্বালানির দাম বৃদ্ধি বিশেষ ভূমিকা পালন করেছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি আক্রমণ করে বলেছেন, “গ্যাসের অতিরিক্ত মূল্য রিপাবলিকান পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে। যখন মানুষকে জ্বালানির জন্য বেশি টাকা দিতে হয়েছে, তখন তা মানুষ পছন্দ করেনি।”
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত তিনি। তবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়াকে তিনি “খুবই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত” বলে মনে করেন।
‘আমি ব্যালটে ছিলাম না’-
ট্রুথ সোশ্যাল এবং বিভিন্ন মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বারবার বলেছেন, “ব্যালটে যদি আমার নাম থাকত, তাহলে রিপাবলিকানরা জয়ী হত।”
নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি নির্বাচনে প্রার্থী হিসেবে ছিলাম না। এবং আমি না থাকার কারণেই আমরা পর্যাপ্ত মানুষকে ভোটকেন্দ্রে এনে ভোট দেওয়াতে পারিনি।”
আবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন যে কয়েকজন রিপাবলিকান প্রার্থী “আরেও ভালো হতে পারতেন”।
ফক্স নিউজকে দোষারোপ-
মধ্যবর্তী নির্বাচনে ফক্স নিউজের খবর পরিবেশন নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। ফল প্রকাশের পর ফের একবার সংবাদমাধ্যমকে নিশানা করেন মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র বিল ডি ব্লাসিওকে ফক্স নিউজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ফক্স নিউজ কেন বিল ডি ব্লাসিওকে সম্প্রচারে আনছে? নিউ ইয়র্ক শহরের ইতিহাসে সবচেয়ে খারাপ মেয়র তিনি। টেলিভিশনে বসে একজন উন্মাদের মতো চিৎকার করছেন! চরম অসম্মানের সঙ্গে মেয়র পদ ছেড়েছিলেন। তাঁর করা ক্ষয়ক্ষতির কোনও হিসাব নেই। সেই শহর আর কখনও আগের অবস্থায় ফেরেনি। আর এখন তিনিই আমাদের আমেরিকা কীভাবে চালাতে হবে, সেই পরামর্শ দিচ্ছেন!”
এরপর ফক্স নিউজকেই নির্বাচনে রিপাবলিকানদের আসন হারানোর জন্য দায়ী করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, “ক্রমাগত এবং ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের, এমনকী আরও খারাপ লোকজনকেও অনুষ্ঠানে জায়গা দিয়ে এই পরাজয়ের দায় এড়াতে পারে না ফক্স নিউজ। ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন।”
প্রয়োজনে ভেটো প্রয়োগ-
ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে ডেমোক্র্যাটরা ভালো কাজ করেছে। রিপাবলিকানরা বিশাল জনসভা, প্রচার করার পরেও, ডেমোক্রেটদের এই ফলাফলে তিনি কিছুটা অবাক হয়েছেন।
মিড টার্ম নির্বাচনে হারের পর ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার মতো অনেক বিষয় রয়েছে। তবে প্রয়োজন হলে “ভেটো পাওয়ার” ব্যবহার করব।”