মার্কিন ভোটে ভারতীয় বংশোদ্ভূতদের জয়, অরুণা-সুহাসের প্রত্যাবর্তন, নজির পিয়ার

ওয়াশিংটন: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত তিন ডেমোক্র্যাট নেতা। ফের কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন সুহাস সুব্রহ্মণ্যম। মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর পদ ধরে…
ওয়াশিংটন: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত তিন ডেমোক্র্যাট নেতা। ফের কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন সুহাস সুব্রহ্মণ্যম। মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর পদ ধরে রেখেছেন অরুণা মিলার। অন্য দিকে, ফ্লোরিডা থেকে কংগ্রেসে জিতে নজির গড়েছেন পিয়া দান্ডিয়া। তবে ওহায়োর গভর্নর নির্বাচনে প্রাথমিক গণনায় ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী অ্যামি অ্যাকটনের তুলনায় পিছিয়ে রয়েছেন রিপাবলিকান বিবেক রামাস্বামী।
ভার্জিনিয়ার ১০ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান ডেভ বেকউইথকে হারিয়েছেন সুহাস। তিনি পেয়েছেন ৬৩.১৬ শতাংশ ভোট। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭৩ হাজার ১০৬। বেকউইথ পেয়েছেন ৯৪ হাজার ৯৯০টি ভোট। ২০২৪ সালে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় বাবা-মায়ের সন্তান সুহাস। এর আগে ভার্জিনিয়ার আইনসভা ও সেনেটে কাজ করেছেন তিনি।
মেরিল্যান্ডে গভর্নর ওয়েস মুরের সঙ্গে জুটি বেঁধে ফের জয়ী হয়েছেন অরুণা মিলার। NBC News ডেমোক্র্যাট জোটের জয়ের পূর্বাভাস দিয়েছে। ২০২২ সালে আমেরিকার প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মহিলা লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত হয়েছিলেন অরুণা। তাঁর জন্ম ভারতের অন্ধ্রপ্রদেশে। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে আমেরিকায় চলে যান তিনি।
ফ্লোরিডার ২২ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান কেসি আসকারকে হারিয়েছেন পিয়া দান্ডিয়া। CBS News ও Decision Desk HQ-র পূর্বাভাস অনুযায়ী, ফ্লোরিডা থেকে মার্কিন প্রতিনিধি সভায় নির্বাচিত প্রথম ভারতীয়-আমেরিকান তিনি। পেশাগত জীবনে শিক্ষকতা, স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব এবং অ্যাপলে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
অন্য দিকে, ওহায়োয় প্রায় ২৫ শতাংশ ভোট গণনার পর অ্যামি অ্যাকটন পেয়েছেন ৬৩ শতাংশ এবং বিবেক রামাস্বামী পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। তবে এই লড়াইয়ে তখনও চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে গভর্নর পদে লড়ছেন রামাস্বামী।
৩ নভেম্বরের এই নির্বাচনে মার্কিন প্রতিনিধি সভার ৪৩৫টি এবং সেনেটের ৩৫টি আসনের পাশাপাশি বিভিন্ন প্রদেশের গভর্নর ও স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন।
মার্কিন সেনেটে পালাবদল! ট্রাম্পকে বড় ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
২০ নাবিক উদ্ধার! এক্স হ্যান্ডেলে ভারতের নৌসেনাকে আন্তরিক ধন্যবাদ জানাল ইরান