আট কোটির সুপারি উদ্ধার, উর্দিধারীদের বাহবা শুভেন্দুর
এই সময়, আলিপুরদুয়ার: অবৈধ ভাবে বিদেশি সুপারি মজুত করার অভিযোগে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের তিন জন সুপারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আলিপুরদুয়ার পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘যে কোনও ধরনের অবৈধ কারবার রুখতে রাজ্য সরকার যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, ফালাকাটার ঘটনায় তা আরও একবার প্রমাণিত হলো।’
এই ঘটনায় ধৃতদের নাম বাপন সাহা ওরফে চুটকি, সুজন বর্মন ও নীলকমল সাহা। তাঁরা প্রত্যেকেই ফালাকাটার দেশবন্ধুপাড়ার বাসিন্দা। এই গ্রেপ্তারের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ ফালাকাটা শহরের বিভিন্ন গোডাউন থেকে এক লক্ষ ১৭ হাজার ২০০ কেজি অবৈধ সুপারি বাজেয়াপ্ত করেছে। যার বাজারমূল্য আনুমানিক আট কোটি টাকা।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এ দিন আলিপুরদুয়ার জেলা আদালতে হাজির করে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালতের বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জেলা পুলিশ সুপার অমিতকুমার শাহ বলেন, ‘ধৃতদের বিরুদ্ধে আন্তর্জাতিক সুপারি ব্যবসার অবৈধ কারবারের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। আমরা অবৈধ কারবারের সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করব না। সব অবৈধ কারবারিদের চিহ্নিত করে আদালতে পাঠানো হবে।’