‘কখনই সফল হতে পারব না’, ক্ষমা চেয়ে বাবার বন্দুকের গুলিতেই আত্মঘাতী NEET পরীক্ষার্থী
ফের আত্মঘাতী NEET পরীক্ষার্থী। বাবার বন্দুকের গুলিতে নিজেকে শেষ করেছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলাকার এক তরুণী। পুলিশ সূত্রে খবর, এই চরম পদক্ষেপ করার আগে একটি ‘নোট’ লিখে গিয়েছেন তিনি। কখনই এই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সফল হতে পারবেন না বলে মনে করতেন তিনি। সেই কারণে সবার কাছে ক্ষমাও চেয়েছেন ওই তরুণী।
জানা গিয়েছে, বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের (Prayagraj) ঝুঁসি থানা এলাকায়। সোমবার ঝুঁসি (Jhunsi) থানার ত্রিবেণীপুরমের বাড়ি থেকেই উদ্ধার করা হয় তাঁর দেহ।
পুলিশ সূত্রে খবর, গত বছরেও NEET-এ বসেছিলেন বছর ১৮-এর এই তরুণী। ওই পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। এই জন্য মানসিক যন্ত্রণায় ছিলেন তিনি। তবে আবার এই পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু করেছিলেন ওই তরুণী বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার সাগর জৈন। তবে এরই মধ্যে আত্মঘাতী হয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ভোর চারটে-পাঁচটা পর্যন্ত পড়াশোনা করতেন এবং দুপুর আড়াইটে নাগাদ ঘুম থেকে উঠতেন ওই তরুণী। তবে সোমবার দুপুর ৩টে বেজে যাওয়ার পরেও ওই তরুণী ঘুম থেকে না-ওঠায় সন্দেহ হয় পরিবারের লোকজনের। ঘরের দরজা খুলে পরিবারের সদস্যেরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর দেহ। পাশেই পড়েছিল বাবার আগ্নেয়াস্ত্র।
সেখান থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা ছিল, ‘আমি কখনওই NEET পাশ করতে পারব না। আমাকে সবাই ক্ষমা করে দিও।’
তরুণীর বাবা ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-এর একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার।
পুলিশ প্রাথমিক অনুমান, পড়াশোনার চাপে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ওই তরুণী। সেই চাপ সহ্য করতে না পেরে এই চরম পদক্ষেপ করেছেন তিনি। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।