New Minister from Bengal: মন্ত্রী হচ্ছেন সুকান্ত-শান্তনু, বাংলায় কি এবার নতুন রাজ্য সভাপতি? – Bengali News | Sukanta Majumdar and Shantanu Thakur to be new ministers of Narendra Modi’s cabinet, takes oath
সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর
নয়া দিল্লি: সরকার গঠনে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এনডিএ-র শরিকদের। তাই মন্ত্রিসভাতেও তাঁদের গুরুত্ব দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে বাংলার ভাগ্যে কোনও মন্ত্রিপদ জুটবে না, তা নিয়ে জল্পনা ছিল শুরু থেকেই। উঠে এসেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক নাম। মনোজ টিগ্গার কথাও শোনা যাচ্ছিল। তবে রবিবার সন্ধ্যায় স্পষ্ট হয়ে গেল বাংলা থেকে দু’জনকেই মন্ত্রী করা হচ্ছে।
এদিন সন্ধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে রাইসিনা হিলসে শপথ নিয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। স্পষ্ট হয়ে গেল মোদীর মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তাঁরা। তবে সুকান্ত বা শান্তনু কেউই পূর্ণমন্ত্রী হচ্ছেন না বলে সূত্রের খবর। কোন মন্ত্রকে তাঁরা দায়িত্ব পাবেন, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে মোদীর ক্যাবিনেটের অন্যতম সদস্য ছিলেন নিশীথ প্রামাণিক। এবার নির্বাচনে হার হয়েছে তাঁর। ফলে উত্তরবঙ্গে কাকে মন্ত্রী করা হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এ ক্ষেত্রে সুকান্তকে মন্ত্রী করে উত্তরকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, শান্তনু ঠাকুর আগেও মন্ত্রী হয়েছেন। এবারও মতুয়া ভোট ধরে রাখতে পেরেছেন তিনি। সেই অঙ্কেই তাঁকেও মন্ত্রী করা হচ্ছে বলে মনে করছেন রজনৈতিক বিশ্লেষকরা।
বিজেপির নিয়ম অনুযায়ী, যেহেতু এক ব্যক্তি একের বেশি পদে থাকতে পারেন না, তাই সুকান্ত আর রাজ্য সভাপতি থাকবেন না বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে নতুন কার নাম সামনে আসতে পারে, তা নিয়ে রয়েছে জল্পনা। তবে সুকান্ত মন্ত্রী হওয়ায় রাজ্য বিজেপির কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।