Ram Mohan Naidu: বাবার রেকর্ড ভেঙে ভারতীয় ইতিহাসের সর্বকনিষ্ঠ মন্ত্রী হলেন রামমোহন! – Bengali News | Who is Ram Mohan Naidu, the youngest minister in new Modi cabinet
সর্বতনিষ্ঠ মন্ত্রী হলেন রাম মোহন নাইডুImage Credit source: Twitter
নয়া দিল্লি: ১৯৯৬ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়ার মন্ত্রিসভায়, দেশের সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন কিঞ্জারাপু ইয়েরান নাইডু। তারপর ২৮ বছর তাঁর সেই রেকর্ড অক্ষত ছিল। ২০২৪ সালের ৯ জুন, সেই রেকর্ড ভেঙে দিলেন রামমোহন নাইডু। কে এই রামমোহন নাইডু? মজার বিষয়, এই টিডিপি নেতা কিঞ্জারাপু ইয়েরান নাইডুরই ছেলে। রবিবার,মাত্র ৩৬ বছর বয়সে, তৃতীয় মোদী মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্হণ করলেন এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৬টিতে জয়ী হয়েছে। তাঁদেরই একজন রামমোহন নাইডু। তাঁকেই এদিন মোদী মন্ত্রিসভায় দলের প্রতিনিধি করে পাঠালেন চন্দ্রবাবু। আর এনডিএ সরকারের সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হয়ে, তাঁর বাবার রেকর্ডকেও ভেঙে দিলেন তিনি।
Kinjarapu Ram Mohan Naidu 🥵✌
తెలుగు బిడ్డ 💛 @RamMNK pic.twitter.com/xdyWDN6kuN
— roy (@Tarak_R0Y) June 9, 2024
১৯৮৭ সালের ১৮ ডিসেম্বর জন্মেছিলেন রাম মোহন নাইডু। পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার রাম মোহন, পারডু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০২০ সালে তিনি সংসদ রত্ন পুরস্কারও জিতেছিলেন তিনি। এই প্রথম তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে নিলেন। এবারের নির্বাচনে, অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। ২০১৪ সাল থেকে এই আসনটি ধরে রেখেছেন রামমোহন। এবার তিনি, ওয়াইএসআর কংগ্রেস পার্টির তিলক পেরাদাকে তিনি ৩.২ লক্ষ ভোটের বিশাল ব্যবধানে পরাস্ত করেছেন।
মজার বিষয়, তাঁর বাবা কিঞ্জরাপু ইয়েরান নাইডুও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি বেশি পরিচিত “ইয়েরান্না” নামেই। ১৯৯৬ সালে তিনি দেবগৌড়া সরকারের সময়, প্রথমবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। সেই সময় তাঁর বয়স ছিল ৩৯ বছর। দেবগৌড়া মন্ত্রিসভা ছাড়াও, আইকে গুজরালের মন্ত্রিসভাতেও মন্ত্রীর দায়িত্বে ছিলেন ইয়েরান্না। এদিন ৩৬ বছর বয়সে মন্ত্রী হয়ে, তাঁর ২৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন তাঁরই ছেলে।