Bigg Boss Bangla: ‘আমার নামে কুকুর পুষো…’, চরম বিবাদে জড়ালেন জিতু-তনুশ্রী! | Bigg Boss Bangla: A Fierce Fight Erupts Between Jeetu Kamal and Tanushree Over Meat Portions, Srijla Joins the Drama
কী নিয়ে ঝামেলা বাধল বিগ বসের ঘরে?
বিগ বসের ঘরে কখন যে কী হয়, তা বলা সত্যিই মুশকিল! কখনও ঘনায় প্রেমের মেঘ, কখনও আবার স্রেফ এক টুকরো মাংস নিয়ে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার বিগ বসের অন্দরে রীতিমতো কুরুক্ষেত্র বাঁধল মাংসের ভাগ নিয়ে! একদিকে যখন নন্দিনী দত্ত বাড়ি থেকে ‘এভিক্টেড’ হয়েও সিক্রেট রুমে বসে সকলের হাঁড়ির খবর নিচ্ছেন, তখন মূল ঘরে খাবারের প্যানেল নিয়ে চরম অশান্তি।
কী নিয়ে ঝামেলা বাধল বিগ বসের ঘরে?
চলতি সপ্তাহে রান্নাঘরের রাশ তনুশ্রীর হাতে। আর তাতেই যত বিপত্তি। মাংস রান্না হওয়ার পর জিতু কমল নিজের খাবার নিতে গেলে দেখেন, তাঁর পাতে মাংসের টুকরো বরাদ্দ হিসেবের চেয়ে বেশ কম। ব্যাস, আর যায় কোথায়! রেগে আগুন অভিনেতা। তাঁর স্পষ্ট দাবি, এমন ঘটনা এই প্রথম নয়। তনুশ্রীর হাতে রান্নার দায়িত্ব থাকলেই নাকি তাঁর পাতে খাবার কম পড়ে। রাগ এমন এক চরম পর্যায়ে পৌঁছয় যে, সবার সামনে তনুশ্রীকে সোজাসুজি ‘চোর’ ও ‘মিথ্যাবাদী’ তকমা দিয়ে বসেন জিতু। তাঁর বিস্ফোরক অভিযোগ, তনুশ্রী নিজেই সকলের খাবার চুরি করছেন। আগে নাকি পনির চুরি করতেও তাঁকে হাতেনাতে ধরেছিলেন অভিনেতা!
ছেড়ে দেওয়ার পাত্রী নন তনুশ্রীও। জিতুর দিকে পাল্টা আঙুল তুলে তিনি জানান, জিতুকেও তিনি মধু চুরি করে খেতে দেখেছেন। তনুশ্রীর দাবি, সবার সামনেই জিতু মধু চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে, তবুও সে নাকি বারবার ঘরের নানা জিনিস লুকিয়ে রেখেছে। বাকযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছয় যে, জিতু রেগেমেগে জানিয়ে দেন, পরের দিন থেকে তনুশ্রীর হাতের রান্না তিনি আর খাবেন না। আর যদি খান, তবে তাঁর নামে যেন কুকুর পোষা হয়! এরকম একটি মন্তব্যে ঘরের পরিবেশ নিমেষে গরম হয়ে ওঠে।
এই মাংস-যুদ্ধে ঘি ঢালতে একে একে এগিয়ে আসেন বাকিরাও। তনুশ্রীর হয়ে কথা বলতে আসেন রাজবীর। আর তাতেই জিতুর রোষানলে পড়েন তিনি, সবার সামনে জোটে ‘দালাল’ অপবাদ। এরপর জিতুর সমর্থনে আসরে নামেন সৃজলা গুহ। তিনি সরাসরি জানান, খাবার দেওয়ার সময় তাঁর সঙ্গেও চরম বৈষম্য করা হয়েছে। সৃজলা বনাম তনুশ্রীর এই লড়াইয়ে শেষমেশ নিজেকে আর ধরে রাখতে পারেননি তনুশ্রী, কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে তাঁর হয়ে ময়দানে নামেন সোনামণি ও মনামী। সোনামণি আর সৃজলার পুরোনো সাপে-নেউলে সম্পর্ক এই ঝগড়াকে আরও মশলাদার করে তোলে। যেন এক্কেবারে বিনোদনের ভরপুর প্যাকেজ!
শেষমেশ যখন মনে হল যে পরিস্থিতি হয়তো একটু শান্ত হয়েছে, ঠিক তখনই ফের নতুন করে বাদানুবাদে জড়িয়ে পড়েন জিতু ও রাজবীর। মাংস থেকে শুরু হওয়া এই বচসা কোথায় গিয়ে থামবে, তা এখনই বলা মুশকিল। সব মিলিয়ে বিগ বসের ঘর এখন যেন সাক্ষাৎ যুদ্ধক্ষেত্র! সিক্রেট রুম থেকে নন্দিনী এই পুরো নাটক দেখে নিশ্চয়ই হাসছেন। আগামী পর্বে এই বিতর্ক ঠিক কোন দিকে মোড় নেয় এবং বিগ বস নিজে কোনও কড়া পদক্ষেপ করেন কি না, সেটাই এখন দেখার।