তিন কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ! দাবি শাহ–নীতিনের
১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে বলে রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে দাবি করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ‘ইন্ডিয়া’ শিবিরের প্রতিবাদ–সভার পাল্টা দেশের বিভিন্ন রাজ্যে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ অভিযান চালাচ্ছে বিজেপি। সেই সূত্রেই এ দিন হায়দরাবাদে সভা করেন শাহ, কলকাতায় শুভেন্দু অধিকারী–শমীক ভট্টাচার্যদের পাশে জাতীয় পতাকা নিয়ে হাঁটেন নীতিন। বিরোধীদের এই ১৩ কোটির অস্ত্র ভোঁতা করতে হায়দরাবাদে শাহ বলেন, ‘১৩ কোটির মধ্যে ৬.২৫ কোটি ভোটার নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন। ৩ কোটি মৃত ভোটার, ১ কোটি ডুপ্লিকেট ভোটার, আর ৩ কোটির তো অস্তিত্বই নেই! কারণ, তাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী! বাংলাদেশি, ভুয়ো ভোটার বাদ তো যাবেই! তাতে রাহুলবাবার পেটব্যথা শুরু হয়ে গেলে কী করা যাবে!’ এ দিন কলকাতার ধর্মতলায় দলীয় সভা থেকে বিজেপি সভাপতি নীতিনও তালিকা থেকে বাদ পড়া ১৩ কোটি ভোটারের ব্রেক–আপ দিয়েছেন। তাঁরও দাবি, ১৩ কোটির মধ্যে তিন কোটি অনুপ্রবেশকারী! একই সঙ্গে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘বিদেশি শক্তির টুল হিসেবে রাহুল গান্ধী কাজ করছেন। বাংলাদেশ, নেপালে যারা পরিস্থিতি অস্থির করেছিল, তাদের প্রতি রাহুলের সমর্থন ছিল। দেশের ভরসা নরেন্দ্র মোদীর প্রতি। উনি ভাবছেন, দেশকে অস্থির করে দেবেন। দেশের গণতন্ত্র খুব মজবুত। ২০২৯–এর লোকসভা ভোটে নরেন্দ্রী মোদীকে ফের প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে মানুষ এর জবাব দেবে।’