ইডেনে আজ থেকে সামি বনাম পৃথ্বী
এই সময়: রঞ্জি ট্রফির গ্রুপ সি–র নিরিখে এক বনাম দুইয়ের ম্যাচ। কিন্তু আজ সোমবার থেকে ইডেনে শুরু বাংলা বনাম মহারাষ্ট্র ম্যাচ ভারতীয় টিমের একদা দুই তারকার ডুয়েল হিসেবে দেখা হচ্ছে। তাঁরা হলেন বাংলার মহম্মদ সামি ও মহারাষ্ট্রের ক্যাপ্টেন পৃথ্বী শ। এক সময়ে সাড়া জাগিয়ে শুরু করে ভারতীয় ক্রিকেটের মূলস্রোত থেকে অনেকটাই দূরে পৃথ্বী। মুম্বই থেকে নিজের ঠিকানা মহারাষ্ট্র।
চলতি রঞ্জিতে তিন ম্যাচে একটি জয়–সহ মহারাষ্ট্রের পয়েন্ট ১২। গ্রুপে তাদের আগে তিন ম্যাচে তিন জয় পাওয়া বাংলা (১৮ পয়েন্ট)। পৃথ্বীর এই মরশুমে সর্বোচ্চ রান ৭০। তবে তাঁর মতো প্রতিভাবান ব্যাটার যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারে বলে সতর্ক লক্ষ্মীরতন শুক্লা অ্যান্ড কোম্পানি। তাই পৃথ্বীকে দ্রুত ফেরানোর জন্য টিমের সবচেয়ে অভিজ্ঞ মহম্মদ সামির দিকে তাকিয়ে বাংলা শিবির।
জয়ের হ্যাটট্রিকের ধারা ধরে রাখাই টিমের আসল চ্যালেঞ্জ বলে মনে করছেন কোচ লক্ষ্মীরতন। তিন পেসার, দুই স্পিনারের চেনা কম্বিনেশনে খেলতে চলেছে বাংলা। সামি–সূরজ সিন্ধু জয়সওয়ালের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে মহম্মদ কাইফের খেলা নির্ভর করছে তাঁর ফিটনেসের উপরে। দুই স্পিনার প্রদীপ্ত প্রামাণিক ও শাহবাজ আহমেদ। তাঁদের নিয়েই টানা চার নম্বর জয়ে চোখ অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন টিমের।